ভুয়া কানাডাপ্রবাসী পাত্রীসহ ১৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি ভবন থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ভুয়া কানাডাপ্রবাসী পাত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিয়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরা অর্থ আত্মসাত্ করছিলেন এমন অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘শাম্মী আকতার নামে এক ভুয়া কানাডা প্রবাসীর সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে এই গোষ্ঠী এক লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ নয়াপল্টনের ওই ভবনে গিয়ে ভুয়া পাত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। এঁরা বিভিন্ন পত্রিকায় বিয়ের লোভনীয় পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।’গোয়েন্দা পুলিশের অপর এক অভিযানে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে গতকাল বিকেলে ভারতীয় শাড়ি ও দুটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মামুন, মো. কুদ্দুস ও রমজান আলি। আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে একটি দল কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও দুটি মাইক্রোবাসসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে দাবি পুলিশের।