ভুল করে লাশ দাফন এবং সততার পুরস্কার
নিলুফার ইয়াসমিন, সুইটি ও কবীর মোল্লা—তাঁরা ভাগ্যবান। লাশের তালিকায় নাম উঠলেও বেঁচে আছেন তাঁরা।এই তিনজনের স্বজনেরা সাভারের রানা প্লাজা ধসের পরদিন অন্য তিনটি লাশ নিজেদের স্বজন ভেবে নিয়ে যান এবং কবরও দিয়ে দেন। কিন্তু পরে এই তিনজন জীবিত উদ্ধার হওয়ায় স্বজনদের ভুল ভাঙে।অন্যের লাশ নিয়ে যাওয়ায় তাঁরা ভুল স্বীকার করেন এবং লাশের সঙ্গে জেলা প্রশাসন থেকে যে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছিল, তা ফেরত দিয়ে গেছেন। টাকা ফেরত দিয়ে তাঁরা যে সততার পরিচয় দিয়েছেন, এ জন্য সরকারের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়েছে।ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একরামুল হক প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাঁদের সততায় বিস্মিত হয়ে নিলুফার ইয়াসমিন ও কবীর মোল্লার পরিবারকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেন। তবে সুইটির পরিবারের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার বিষয়টি প্রতিমন্ত্রী তাৎক্ষণিক জানতে না পারায় তারা পুরস্কার থেকে বঞ্চিত হয়।কিন্তু ভুল করে যে তিনজনের লাশ দাফন করা হয়ে গেছে, তাঁদের পরিচয় এখনো মেলেনি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী নিলুফার ইয়াসমিন কাজ করতেন ধসে পড়া ভবনের চতুর্থ তলায়। ধ্বংসস্তূপের ভেতরে ৪৮ ঘণ্টা আটকে থাকার পর শুক্রবার সকাল নয়টার দিকে উদ্ধারকর্মীরা তাঁকে জীবিত উদ্ধার করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। কিন্তু এর এক দিন আগেই বৃহস্পতিবার নিলুফারের লাশ হিসেবে অন্য এক নারী শ্রমিকের লাশ নরসিংদীতে নিয়ে যান স্বজনেরা। পরদিন শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিলুফারের জীবিত থাকার খবর পায় তাঁর পরিবার। এরপর হাসপাতালে গিয়ে নিলুফারকে পাওয়ার পর তাঁর স্বামী আব্বাস উদ্দিন সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে স্থাপিত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে গিয়ে অনুদানের টাকা ফেরত দেন।আব্বাস উদ্দিন প্রথম আলোকে বলেন, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের বারান্দায় সারি সারি লাশ পড়ে ছিল। পরনের কাপড় আর শারীরিক গঠন দেখে তিনি নিলুফারের লাশ শনাক্ত করেছিলেন।একই পোশাক কারখানায় কাজ করতেন সাভার পৌরসভার বাড্ডা এলাকার দরবেশ মোল্লার ছেলে কবীর মোল্লা। তাঁকেও শুক্রবার রাতে জীবিত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় সাভার সিএমএইচে। কিন্তু তাঁর স্বজনেরা আগের দিনই কবীর মোল্লা ভেবে অন্য এক শ্রমিকের লাশ নিয়ে দাফন করে ফেলেন। শনিবার তাঁকে জীবিত পেয়ে লাশ দাফনের জন্য পাওয়া অনুদানের টাকা ফেরত দেওয়া হয়।কবীর মোল্লার ভাই মতিউর রহমান বলেন, মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় লাশটি ভালো করে চেনা যাচ্ছিল না। পরনের কাপড় আর দেহের গঠন দেখে লাশ শনাক্ত করা হয়।একই রকম ভুল করেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের সুইটির পরিবার। সুইটি রানা প্লাজার চারতলায় অপারেটরের কাজ করতেন। ঘটনার ৫৪ ঘণ্টা পর শুক্রবার বেলা তিনটার দিকে তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল সাভার সিএমএইচে।সুইটির ভাই কামাল মিয়া বলেন, ‘মৃত ভেবে যাকে দাফন করলাম, সেই বোনকে জীবিত অবস্থায় পেলাম—এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে?’সুইটি ভেবে যাঁকে দাফন করা হয়েছে, তিনি গাইবান্ধার মুক্তা আক্তার বলে ধারণা করছেন তাঁর স্বজনেরা। মুক্তার খালু শামসুজ্জোহা প্রথম আলোকে বলেন, ঘটনার দিন বেলা ১১টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে মুক্তাকে জীবিত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানতে পারেন। সেখানে গিয়ে মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে শুনতে পারেন মুক্তা মারা গেছেন। লাশ অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে পাঠানো হবে। সেখানে গিয়ে তাঁরা লাশ পাননি।