ভুল চিকিত্সার অভিযোগে ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে চিকিত্সকের ভুলে খালেদা আক্তার (৩৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর করেছেন। খালেদা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সোমবার ভোরে শহরের ডনচেম্বার এলাকায় এ ঘটনা ঘটে।খালেদার স্বামী দুলাল হোসেন অভিযোগ করেন, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদা আক্তারের শ্বাসকষ্ট হওয়ায় গত রোববার তাঁকে শহরের ডনচেম্বার এলাকায় মেডিস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ওই দিন রাতেই তাঁর আবার শ্বাসকষ্ট হলে তাঁকে ফের হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ছয়টায় তাঁকে দুটি ইনজেকশন দেওয়ার পরই তাঁর অবস্থা খারাপ হয়। পরে ক্লিনিকের লোকজন তাঁকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।দুলাল বলেন, ইনজেকশন দেওয়ার সময় ক্লিনিকে কোনো চিকিত্সক ছিলেন না। ভুল চিকিত্সার কারণে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।এ ব্যাপারে মেডিস্টার ক্লিনিকের ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, ‘অ্যাজমার সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার রাতে রোগীটি ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাঁকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আমরা যথাসম্ভব রোগীকে সুষ্ঠু চিকিত্সা দেওয়ার চেষ্টা করেছি।’ ক্লিনিকে চিকিত্সক ছিল বলে তিনি জানান। ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন তিনি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগী মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন। এ ব্যাপারে কেউ কোনো মামলা করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর রাতে ওই ক্লিনিকের লিফটে মাথা আটকে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায়ও রোগীর স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছিলেন।