ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে অবরোধ
রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভুল চিকিত্সায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। ঢাকা কমার্স কলেজের শিক্ষক তৃষ্ণা গাঙ্গুলির মৃত্যুতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব ব্যথা ওঠায় ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তৃষ্ণা গাঙ্গুলিকে আজ শনিবার বেলা ১১টার দিকে মিরপুরের ডাক্তার আজমল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সক ফেরদৌসী রুবির তত্ত্বাবধানে অস্ত্রোপচারের জন্য তৃষ্ণাকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। তারপর অস্ত্রোপাচারের মাধ্যমে সন্তান জন্মদান শেষে তাঁকে লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে শিশুটি সুস্থ আছে।তৃষ্ণার স্বজনেরা অভিযোগ করেছেন, অতিরিক্ত চেতনানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। দায় এড়ানোর জন্য তড়িঘড়ি করে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানান্তরের সময় ওই হাসপাতাল থেকে চিকিত্সার কাগজপত্রও দেওয়া হয়নি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ওয়াজেদ বলেন, এ খবর কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আজমল হাসপাতালের ওই চিকিত্সকের বিচার দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে কলেজপ্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে তাঁরা হাসপাতালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা মিরপুর দশ নম্বর গোলচক্কর এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। দাঙ্গা পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। ওসি কাজী আবদুল ওয়াজেদ আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল ও সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে আজমল হাসপাতালের নম্বরগুলোতে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি। এর মধ্যে কয়েকটি নম্বর বন্ধ পাওয়া গেছে।