ভুল চিকিত্সায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিত্সককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় ভুল চিকিত্সায় শিশুর মৃত্যুর অভিযোগে শিশুটির আত্মীয়স্বজনেরা পল্লিচিকিত্সকে মারধর করেছে। আহত অবস্থায় ওই চিকিত্সককে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুঠিয়া উপজেলার হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ওই শিশুর নাম রোকসানা (১০)। সে তৃতীয় শ্রেণীতে পড়ত। তার বাবার নাম ফুয়াদ আলী। আহত চিকিত্সকের নাম আবদুর রাজ্জাক। উপজেলার নন্দপুর বাজারে তাঁর চিকিত্সালয় রয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, এক সপ্তাহ ধরে রোকসানা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। গত বৃহস্পতিবার তাকে নন্দনপুর বাজারের পল্লিচিকিত্সক রাজ্জাকের কাছে নেওয়া হয়। এ সময় রাজ্জাক ওই শিশুকে একটি ইনজেকশন দেন। এরপর শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। গতকাল দুপুরে সে মারা যায়। সন্ধ্যায় শিশুটিকে দাফন করা হয়। ওই দিন রাতে শিশুটির আত্মীয়স্বজনেরা চিকিত্সক আবদুর রাজ্জাককে পেয়ে মারধর করে। এরপর তাঁকে গুরুতর অবস্থায় পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই চিকিত্সক দাবি করেছেন, তিনি শিশুটিকে সঠিক চিকিত্সা দিয়েছেন।শিশুটির বাবা ফুয়াদ দাবি করেন, ভুল চিকিত্সায় তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন। গতকাল দুপুরে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, তখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। তবে তিনি খোঁজ নেবেন বলে জানান।