ভুল চিকিৎ সায় শিক্ষিকা তৃষ্ণা গাঙ্গুলির (৩২) মৃত্যুর অভিযোগে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার মিরপুরে ডা. আজমল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর করেছে। তৃষ্ণা গাঙ্গুলি ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।শিক্ষিকার স্বামী দেবাশীষ ভট্টাচার্যের দাবি, অস্ত্রোপচার করার আগে তৃষ্ণার জ্বর ছিল। পরীক্ষা ছাড়াই তাঁকে সম্পূর্ণ অজ্ঞান করে হাসপাতালের চিকিৎ সকদল। ওই অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তৃষ্ণা একটি কন্যাসন্তান জন্ম দেন।অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎ সক ফেরদৌসী বেগম দাবি করেন, তৃষ্ণার অস্ত্রোপচার জরুরি ছিল। অস্ত্রোপচারকক্ষে নেওয়ার পর তৃষ্ণার রক্তচাপ কমে গিয়েছিল। স্যালাইন দিয়ে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় আনার পর তাঁকে অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয়। সন্তান হওয়ার পর তৃষ্ণার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে তাঁর মৃত্যু হয়।এদিকে পরিস্থিতি শান্ত রাখার জন্য আজ রোববার কলেজ ছুটি থাকবে বলে জানিয়েছেন ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ মো. মোজাহার জামিল।তৃষ্ণা গাঙ্গুলি সপরিবারে চিড়িয়াখানা সড়কসংলগ্ন ঢাকা কমার্স কলেজের কোয়ার্টারে থাকতেন। গতকাল সকালে তাঁকে মিরপুর ৬ নম্বর সেকশনের আজমল হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর জ্ঞান না ফেরায় চিকিৎ সকেরা তাঁকে লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সেখানে দুপুর ১২টার দিকে তৃষ্ণা মারা যান। মৃত্যুর খবর তাঁর কর্মস্থল ঢাকা কমার্স কলেজে ছড়িয়ে পড়ে এবং বেলা একটার দিকে তাঁর লাশ কর্মাস কলেজ ক্যাম্পাসে আনা হয়। এর আগেই কলেজ ছুটি ঘোষণা করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার পর কমার্স কলেজের কয়েক শ শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা লাঠিসোঁটা হাতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে সড়কের মাথায় রূপনগর শিয়ালবাড়ী মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনে ডা. আজমল হাসপাতালের সামনে বিক্ষোভ করতে থাকে। তারা ঢিল ছুড়ে আজমল হাসপাতালের নিচতলা ও দ্বিতীয় তলার জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলায় ঢুকে ওষুধের ঘরসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীদের আরেকটি অংশ ওই হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যায়। তারা এ সময় ১৫-২০টি গড়ি ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিয়ে এদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করে।বিকেলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ পরিস্থিতি নিয়ে কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। শিক্ষকেরা আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। মানবিক কারণে অটক শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উপকমিশনার শিক্ষার্থীদের এ রকম উচ্ছৃঙ্খল আচরণের জন্য সতর্ক করে দেন কর্তৃপক্ষকে। তবে ভাঙচুরের ঘটনায় মামলা হলে আটক শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।হাসপাতালের পরিচালক আতাউর রহমান দাবি করেন, ফেরদৌসী বেগম হাসপাতালের চিকিৎ সক নন। তিনি মাঝেমধ্যে রোগী এখানে এনে অস্ত্রোপচার করেন। এর জন্য ওই চিকিৎ সকের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারকক্ষের ভাড়া তিন হাজার টাকা নিয়েছিলেন।