ভুল চিকিৎসায় মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার
রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে গত শুক্রবার ভোরে বিল্লাল হোসেন হাওলাদার (৩১) নামের এক যুবক মারা গেছেন। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় বিল্লাল মারা গেছেন। পুলিশ এই অভিযোগে হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান ও তাঁর সহযোগী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও বিল্লালের পারিবারিক সূত্র জানায়, বেঙ্গল পরিবহন নামের একটি বাস কোম্পানির তত্ত্বাবধায়ক বিল্লাল হোসেন সপরিবারে শাহআলী থানার ১/১৪ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। বিল্লাল পাইলসের সমস্যায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হলে বাড়ির মালিক নুরুল ইসলাম তাঁর পরিচিত চিকিৎসকের হাসপাতালে ভর্তি করানোর কথা বলেন। নুরুল ইসলামের কথামতো বিল্লালকে কলাবাগানের বাংলাদেশ পাইলস নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক হাবিবুর রহমান বিল্লালের অস্ত্রোপচার করেন এবং এর পর থেকে বিল্লালের রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ধানমন্ডির বেসরকারি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়।এরপর বিল্লালকে তাঁর বাসায় নেওয়া হলে স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে বাড়ির মালিক নুরুল ইসলাম চিকিৎসককে কৌশলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসায় ডেকে আনেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন চিকিৎসক হাবিবুর রহমানকে মারধর করে।শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, জনরোষ থেকে পুলিশ চিকিৎসক হাবিবুর ও বাড়িওয়ালা নুরুল ইসলামকে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়। বিল্লালের স্ত্রী ভুল চিকিৎসায় বিল্লালের মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও বাড়িওয়ালাকে আসামি করে থানায় মামলা করতে আসেন। পরে তিনি ঘটনাস্থল কলাবাগানে হওয়ায় আটক চিকিৎসক ও বাড়িওয়ালাকে কলাবাগান থানায় সোপর্দ করেন এবং মামলাটি নিতে কলাবাগান থানাকে অনুরোধ করেন। পরে কলাবাগান থানার পুলিশ বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।গতরাতে কলাবাগান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে বিল্লালের স্ত্রী নেহারুননেসা ওরফে নাসরিন বাদী হয়ে থানায় মামলা করেন। আটক চিকিৎসক ও বাড়িওয়ালাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।বিল্লালের ভাই শাকিব হাওলাদার অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর জন্য বাড়ির মালিক নুরুল ইসলামও দায়ী।বিল্লালের গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জে। তাঁর বাবার নাম জলিলউদ্দিন হাওলাদার। বিল্লাল এক সন্তানের জনক।