ভুল থেকে শিক্ষা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সূর্যাস্তের পর ২০১২ খ্রিষ্টীয় অব্দের পর্যবসান হবে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আর এক নতুন বছরের শুরু। ২০১৩ সালটি জাতি-ধর্ম-বর্ণ-ভাষাভাষীনির্বিশেষে সবার জন্য কল্যাণকর হোক—এই কামনা করি। এটা প্রথাগত কল্যাণ কামনা। কারণ, সবাই যদি শুধু হাসে, কেউই না কাঁদে, তাহলে জীবন ও জগৎ একঘেয়ে হয়ে যাবে। সমস্যা-সংকট, দুঃখ-বেদনা যদি জীবনে না থাকত, মানুষ অনুভব করতে পারত না শান্তি ও সুখের কী মূল্য।এ কালে ব্যক্তি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি আর শুধু ব্যক্তি নয়, সে সমষ্টির একজন। সে জন্য রাষ্ট্রের ভালোমন্দ, সমস্যা-সংকট, সুখ-শান্তি ব্যক্তির জীবনকে স্পর্শ করে। জাগতিক নিয়মে ব্যক্তিগতভাবে কারও কারও জীবন হবে সুখ-শান্তিময়। কারও জীবন হবে দুঃখময়। তা রোধ করা বিধাতা ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। কিন্তু সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্র যদি বিপদমুক্ত ও শান্তিপূর্ণ না হয়, তাহলে দেশের সবচেয়ে সুখী মানুষটিও তার সুখ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে না। রাষ্ট্র চলে রাজনীতির দ্বারা। সে জন্য আমরা রাষ্ট্রের পরিস্থিতি ও রাজনীতিকে বিশেষ বিবেচনায় না নিয়ে পারি না।১৬ ডিসেম্বর বাংলাদেশ ৪২ বছরে পড়ল। নির্বাচিত মহাজোট সরকারের চার বছর পূর্ণ হবে আগামী ৬ জানুয়ারি। আজ বছরের শেষ দিনটি তাই তাৎপর্যপূর্ণ। বর্তমান বছরটি ছিল অদ্ভুত রকম ঘটনাবহুল। বছরটিতে সরকার বেশ কিছু ব্যাপারে বিড়ম্বিত হয়েছে, অতীতে দেশের আর কোনো সরকারকে তা হতে হয়নি। এই বিড়ম্বনা বিরোধী দলের জন্য নয়, সরকারের নিজের লোকদের কাজই এ জন্য দায়ী। যেসব বিষয়ে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেগুলোর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়েছে সরকার।মহাজোট সরকারের পরম সৌভাগ্য যে তারা দেশের মানুষের সমর্থন শুধু নয়, বৈদেশিক শক্তি ও দাতা সংস্থাগুলোর আনুকূল্য পায় অতীতের যেকোনো সরকারের চেয়ে বেশি। কিন্তু তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। শুধু যে সদ্ব্যবহার করতে পারেনি তা নয়, তিন বছরের মধ্যে তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নেয়। বর্তমান বছরে এসে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো দেশ এই সরকারের ঘনিষ্ঠ বন্ধু আছে বলে পত্রপত্রিকা পড়ে মনে হয় না। দুর্নীতি ও অদক্ষতা নিয়ে উন্নয়ন-সহযোগী সংস্থাগুলো অত্যন্ত বিক্ষুব্ধ। প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়ার বাংলাদেশ সম্পর্কে মন্তব্য ও বিশ্লেষণ বেদনাদায়ক।২০০৮-এর নির্বাচনের সময় পর্যন্ত বিএনপি-জামায়াতের ওপর দাতাদেশগুলো ছিল ভয়ানক বিরূপ। উগ্র ধর্মান্ধদের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে বিএনপি থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। আওয়ামী লীগের ব্যর্থতায় বিএনপির জনপ্রিয়তার পারদ ওপরে উঠতে থাকায় এখন বিএনপির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে তাদের আগ্রহ দেখা যাচ্ছে। যদিও সুশাসন দেওয়ার যোগ্যতা যে বিএনপির নেতাদের আছে, তা বে-আক্কেল ছাড়া আর কারও পক্ষে বিশ্বাস করা অসম্ভব। আগে দুবার তাদের দেখা গেছে।বিদেশে কারণে-অকারণে ঘুরে বেড়ানোতে বেগম জিয়ার আগ্রহ ও আনন্দ কম। এ বছর তিনি চীন ও ভারত সফর করেছেন। বিরোধী নেতা হয়েও দুই গুরুত্বপূর্ণ দেশেই তিনি মর্যাদা পেয়েছেন। তাঁর এই সফর প্রমোদ-ভ্রমণ মনে করা ঠিক নয়। সেখানে নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর দেশীয় ও দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। তাতে চীন-ভারত কতটা উপকৃত হয়েছে তার চেয়ে বড় কথা তাদের সঙ্গে বাংলাদেশের বিকল্প নেতৃত্বের যোগাযোগ সৃষ্টি হয়েছে। তিনি সেখানে ‘তেল মারতে’ গিয়েও যদি দেশের মানুষের আবেগ-অনুভূতি ভারতীয় নেতাদের কাছে তুলে ধরে থাকেন, তা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনে প্রভাব ফেলবে।বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই সবচেয়ে ভাগ্যবান এই কারণে যে তাঁর সরকারই পেয়েছিল সবচেয়ে অসংগঠিত, পর্যুদস্ত ও নিষ্ক্রিয় একটি বিরোধী দল। নির্বাচনের দুই-তিন বছর আগে থেকেই বিএনপি দেশি ও বিদেশি হাতের প্রকাশ্য ও অপ্রকাশ্য মার খেয়ে আন্দোলন করা তো দূরের কথা সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তাদের দুর্বলতার সুযোগটি গ্রহণ করতে পারেনি মহাজোট। মহাজোটের নেতারা মনে করেছেন, মড়ার ওপরে দুই ঘাই দিলে ওটি মাটিতে মিশে যাবে। ওই নীতি ছিল ভুল। সরকার ও সরকারি দলের ক্যাডারদের দৌরাত্ম্যেই জনগণ তাদের পুষ্টি জুগিয়েছে। এখন তারা চাঙা। চাঙা তারা নিজের থেকে হয়নি, সরকার অতিনিষ্ঠার সঙ্গে তাদের চাঙা করে দিয়েছে।ঘন ঘন হরতাল দেওয়ার ইচ্ছা থাকলেও বিএনপি তা দেয়নি নিজেদের নীতিগত কারণে নয়, বিদেশিদের হরতালবিরোধী মনোভাবের কারণে। তিন বছর কম হরতাল দিয়ে বিদেশিদের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে থাকবে। প্রথম প্রবল হরতাল দেয় তারা ইলিয়াস আলী ‘গুম’ হওয়ার পর। তাতে জনগণের বিপুল সমর্থন পায়। এখন লাগাতার হরতালের হুংকার শোনা যাচ্ছে। এতে মানুষ শঙ্কিত। সাধারণ মানুষের চেয়ে ব্যবসায়ীরা আরও বেশি অসন্তুষ্ট ও আতঙ্কিত।জামায়াতে ইসলামী শুধু মৌলবাদী দল নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। তারা প্রবল পাকিস্তানপন্থী, যদিও তাদের আদি নেতা মাওলানা মওদুদি পাকিস্তান প্রতিষ্ঠারই বিরোধিতা করেছিলেন। পঁচাত্তরের পর তারা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে সরকার ও বড় বড় দলের আনুকূল্যে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে তারা আওয়ামী লীগেরও আনুকূল্য পায়। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে থাকায় ১৯৯৬-২০০০ মেয়াদে বেঁচে যায়। ওই সময় জামায়াতকে সঙ্গে রাখা ছিল আওয়ামী লীগের ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। তার ফলেই ২০০১-এ বিএনপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় যেতে পারে। বিশ্বাসঘাতকতায় জামায়াতের নৈপুণ্য অপার। ১৯৯৫-তে বিএনপির সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ে তোলে। তিন বছরের মধ্যে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারালে জামায়াত বিএনপির বি-টিমে পরিণত হয়। ১৯৯৬-২০০০ মেয়াদে যদি আওয়ামী লীগ জামায়াতকে হেদায়েত করত, তাহলে ২০০১-২০০৬-এ ক্ষমতার স্বাদ পেত না। এখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ায় জামায়াত বেকায়দায় পড়েছে।যুদ্ধাপরাধীদের বিচার ছিল এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। রায় ঘোষণার পর জামায়াত কোন কৌশল অবলম্বন করে তার ওপর বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ভবিষ্যতে কেমন আকার ধারণ করে তা নির্ভর করছে। তবে বলতে চাই, মহাজোটের মুখপাত্রদের কথাবার্তা সংযত না হলে জামায়াতের প্রতি সাধারণ ধর্মভীরু মানুষের সহানুভূতির সৃষ্টি হতে পারে। তা আমাদের উদার গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। তা ছাড়া জামায়াতের কোনো বালা-মুসিবতে আমেরিকা তার পাশে থাকবে না—এই নিশ্চয়তা মহাজোট দিতে পারে না।গ্রামীণ ব্যাংক নিয়ে সৃষ্ট জটিলতা এবং তার প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের প্রতি অসুন্দর বাক্য নিক্ষেপ এবং সেই সব নিয়ে শক্তি ক্ষয় ছিল আওয়ামী লীগের নেতাদের একটি বড় ভুল। তার একেবারেই প্রয়োজন ছিল না। বিশ্বব্যাপী ড. ইউনূসের শুভাকাঙ্ক্ষী ও তাঁর কাজের সমর্থক আছেন প্রভাবশালীরা। সরকারের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা খুব শিগগির পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নেই। ক্ষেত্রবিশেষে দলীয় রাজনীতির প্রভাব অবশ্যই থাকবে, কিন্তু প্রশাসন ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই গণতান্ত্রিক সংস্কৃতি। ব্যবসা-বাণিজ্য সরকারি দলের লোকেরা করে করুক। কিন্তু কিছু কিছু ব্যাপারে আইনের নিরপেক্ষ প্রয়োগ মানুষ দেখতে চায়। বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনায় সরকারের ভূমিকায় মানুষ ক্ষুব্ধ। যুবদলের নেতা ইব্রাহিম, সাগর-রুনি দম্পতি প্রভৃতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বিচার এ বছর মানুষের প্রত্যাশা ছিল। তা পূরণ হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনের দৌরাত্ম্য, টেন্ডারবাজি, ভর্তি-বাণিজ্য, চাঁদাবাজি প্রভৃতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। এমসি কলেজের প্রাচীনতম ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনাটি সরকার রহস্যজনক কারণে ধামাচাপা দেয়। বিশ্বজিতের হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা গণমাধ্যম প্রতিহত করতে পেরেছে।বর্তমান বছরটি বহুকাল স্মরণীয় হয়ে থাকবে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের ঘটনাটির কারণে। কমবেশি বহু দেশেই দুর্নীতি হয়। একেক দুর্নীতি একেক রকম। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করলে বিষয়টি অত দূর গড়াত না। কাউকে বাঁচানোর ইচ্ছা থাকলে সরকার বাঁচাতে পারে। তবে তারও একটি কৌশল থাকা দরকার। পদ্মা সেতু ঋণ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যা ঘটল, তাতে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি চূর্ণ হয়ে গেছে। হল-মার্ক, ডেসটিনির কেলেঙ্কারি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওসব নিয়ে নির্বাচনের সময় ভোটাররা বোঝাপড়া করবে।এ বছর বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে, অর্থাৎ জাতীয় রাজনীতিতে কিছু নতুন উপসর্গ দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা বিএনপির সময় শুরু। দুর্ধর্ষ ও কুখ্যাত অপরাধীরাই মারা যাচ্ছে। কিন্তু রাষ্ট্র কাউকে বিচার না করে হত্যা করতে পারে না। তার সঙ্গে যোগ হয়েছে ‘গুম’ নামের আদিম আতঙ্ক। আশা করি, আগামী বছরটিতে জাতি এসব থেকে মুক্ত থাকবে।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বিরোধী দল আন্দোলন করছে। সরকার ওই ব্যবস্থায় যেতে অনিচ্ছুক। সে জন্য সংবিধান সংশোধন করেছে। বিরোধী দল হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যাবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। বিরোধী নেতাদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হচ্ছে। মামলা-মোকদ্দমায় ফাঁসানো হচ্ছে। বিরোধী দলকে নিষ্ক্রিয় ও অথর্ব করার কৌশলটি খুব স্থূল। জনগণের চোখে লাগছে। বিরোধী দলের কর্মসূচি প্রতিহত করতে সরকারের দলের কর্মীদের রাস্তায় নামানো গণতান্ত্রিক সংস্কৃতি সমর্থন করে না।একটি পরিস্থিতি সৃষ্টি করে জরুরি অবস্থা জারির আশঙ্কা বিরোধী দল থেকে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কথাই যথার্থ মনে করি। তবে কী প্রক্রিয়ায় দেশি-বিদেশি সবার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা যায়, সে পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারি পক্ষের। মহাজোট সাংবিধানিক ধারাবাহিকতা ও আত্মরক্ষার শেষ চেষ্টা কীভাবে করে, তার ওপর দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে।সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে। বিএনপি কারণে-অকারণে সরকারের নিন্দা করা ছাড়া, শুধু এ বছর নয়, গত চার বছরে কোনো গঠনমূলক ভূমিকা পালন করেছে, তা দেখা যায়নি। কেন্দ্রীয় নেতারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছেন প্রায় প্রতিদিন। তাঁরা রাষ্ট্রের সুযোগ-সুবিধা নিচ্ছেন। দেশ ও জনগণের স্বার্থে কাজ করা তাঁদের নৈতিক কর্তব্য। এই সংসদের শেষ বছরটিতে তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে আশা করি।রাষ্ট্র চালায় সরকার। সরকার গঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে। তাঁরা মানুষ। মানুষের ভুল হওয়া স্বাভাবিক। আশা করি, এ বছরের ভুলগুলো থেকে তাঁরা শিক্ষা নিয়ে আগামী বছর আরও দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দেবেন।বাংলাদেশে কারা গণতন্ত্রকে সুদৃঢ় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পক্ষে আর কারা বিপক্ষে, তা নির্ধারিত হবে ২০১৩ সালে। পরবর্তী সংসদ নির্বাচনের পর কোন দল বা জোট সরকার গঠন করল, কোন দল বা জোট বিরোধী দলে রইল—তা বড় ব্যাপার নয়। কাদের গণতান্ত্রিক ভূমিকা কত বড় এবং জাতীয় স্বার্থের অনুকূল—সেটাই বিবেচ্য।