ভুল থেকে শিখুক শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্তভাবে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনল তাদের বোলাররা। অসাধারণ শচীন টেন্ডুলকার বাদে বাকি ভারতীয় ব্যাটসম্যানরা যে ঢিলেমি আর আত্মতুষ্টি দেখিয়েছে, বোলাররা সেই পথে হাঁটেনি। জহির খানের নেতৃত্বে বোলিং আক্রমণ সামান্য ঝুঁকিটুকু নেয়নি। বরং দুর্দান্ত বোলিং করে সামান্যতম কিন্তু মানসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ১ রানের লিড এনে দিয়েছে ভারতকে। ভারত-বাংলাদেশ আগের টেস্টগুলোতে ছিল ভারতের একতরফা আধিপত্য। তাই এ ম্যাচে বাংলাদেশ লিড নিয়ে নিলে সেটি হতো তাদের জন্য এক বিশাল প্রেরণা।তার পরও বলতে হচ্ছে, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশের লোয়ার অর্ডার যেভাবে পাল্টা লড়াই করল, এর থেকেই বোঝা যায় ক্রিকেট-পাগল দেশটি এমন কিছু ক্রিকেটার তুলে আনছে, যারা মানসিকভাবেও বেশ দৃঢ়। শুধু টেম্পারামেন্টের কারণেই অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো বাকিদের ছাড়িয়ে যায়। কখনোই হাল না ছাড়ার মানসিকতার কারণেই প্রায়ই ম্যাচের মোড় তারা নিজেদের দিকে ঘুরিয়ে ফেলে। কোনো প্রতিপক্ষকে হালকা করে দেখার ভুলটা ওরা কখনোই করে না। ভারতীয় ব্যাটসম্যানরা সেটা করেছে। আর তারই ফল হিসেবে দেখছে, ম্যাচে প্রতিপক্ষও তাদের সমান-সমান।বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসেও ভারতের উচিত হবে ওকে সমঝে খেলা। বল টার্ন করাচ্ছে ও। আর এত মাপা লাইন-লেংথে বোলিং করছে, ওকে পাল্টা আক্রমণ করা কঠিন। বীরেন্দর শেবাগ সেই চেষ্টা করে ম্যাচে দ্বিতীয়বারের মতো সেটার খেসারত দিয়েছে। বাংলাদেশের সক্ষমতা নিয়ে করা ওর অগ্রহণযোগ্য মন্তব্যের কারণে ভারতের আর সবার চেয়ে ওর উইকেটটাই বেশি আনন্দ দেবে বাংলাদেশকে। যতবারই ও আউট হবে, বাংলাদেশের খেলোয়াড়েরা ততবারই বিমলানন্দ পাবে।শেবাগের ভাবভঙ্গি অবশ্য এমন, এই বোলিং আক্রমণ ওর কাছে একদমই পাত্তা পাচ্ছে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ও সেঞ্চুরি করছে, ততক্ষণ পর্যন্ত সে তার মন্তব্যটাকে বাস্তব প্রমাণ করতে পারবে না। কোনো বোলিং আক্রমণ যদি দাঁত বসানোর মতো নাও হয়, তার পরও ম্যাচে অসতর্কতা ঢুকে পড়লে সেখানে রান করা অনেক কঠিন। ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে কিন্তু একটা ভুলই যথেষ্ট। দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে সেঞ্চুরি করা নিয়ে যারা ঠাট্টা-বিদ্রূপ করে, এই দলগুলোর বিপক্ষে সেরা ব্যাটসম্যানদের সেঞ্চুরির সংখ্যা দেখলে তারা অবশ্যই বিস্মিত হবে।সেঞ্চুরি কিংবা বড় স্কোর করতে শুধু ব্যাটিং দক্ষতা নয়, আরও বেশি কিছু প্রয়োজন। বাংলাদেশের বিপক্ষে অধরা সেঞ্চুরিটি পেতে শেবাগকে পরের টেস্টে এখন সেই চেষ্টাটাই করতে হবে। সেঞ্চুরি করার সহজাত ক্ষমতা আছে বলে ও বড় একটা স্কোর অনায়াসে করে ফেলতে পারে। কিন্তু তা করতে হলে ওকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। ও এও বলেছিল, বাংলাদেশ টেস্টে ২০ উইকেট নিতে পারবে না। কিন্তু যেভাবে উইকেট ছুড়ে দিয়ে আসছে, তাতে স্বাগতিকদের ওকে ভুল প্রমাণ করা আরও বেশি সহজ হয়ে যাচ্ছে।বল টার্ন করছে, তাই ভারতকে বাংলাদেশের সামনে কমপক্ষে ৩০০ রানের লক্ষ্য বেঁধে দেওয়া নিশ্চিত করতে হবে। সেটা করতে না পারলে হয়তো ‘অতি সাধারণ’ একটা দল ‘অসাধারণ’ একটা জয় পেয়ে যাবে।