ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্রসচিবসহ পাঁচ শিক্ষককে অব্যাহতি
মাদারীপুরের শিবচর কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগে ওই কেন্দ্রের সচিব, দুজন সহকারী সচিব, দুজন হল সুপারসহ পাঁচজন শিক্ষককে আজ সোমবার সকালে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুলচন্দ্র স্বাক্ষরিত চিঠিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল মিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিব শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, সহকারী সচিব শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. রুহল আমীন ও মুন্সি কাদিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন। হল সুপার রাজারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুজ্জামান ও কুতুবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন।এ ব্যাপারে শিবচরের ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস জানান, ভুল প্রশ্নপত্র বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।