ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা!
ঢাকার কেরানীগঞ্জ ও কুড়িগ্রাম হবিগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে। পরীক্ষা কেন্দ্রে ২০১২ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১১ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। আজ বুধবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ: আজ উপজেলার জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের তিনটি কক্ষে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকেরা ওই কেন্দ্রের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন।জানা গেছে, ওই কেন্দ্রের কলেজ ভবনের নিচতলার ১০৯, ১১০ ও ১১১ নম্বর কক্ষে ৪৪ জন করে ১৩২ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৬৬ জন ও চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ৬৬ জন।জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী আমেনা বেগম বলেছে, ‘পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক পর আমরা জানতে পারি, ২০১২ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১১ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এত সময় ধরে আমরা উত্তরপত্রে গত বছরের প্রশ্নপত্রের উত্তর লিখেছি। পরে সঠিক প্রশ্নপত্র ফটোকপি করে চারজনের মধ্যে একটি করে সরবরাহ করা হয়।’একই বিদ্যালয়ের অন্য ছাত্রী রিয়া আক্তার বলে, ‘২০১১ সালের সরবরাহকৃত প্রশ্নপত্রের চারটি উত্তর লেখার পর জানতে পারি আমাদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এরপর আবার নতুন করে উত্তরপত্র লিখতে হয়েছে।’চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী আয়শা জানিয়েছে, এমনিতেই বাংলা পরীক্ষায় লিখতে হয় প্রচুর। এ জন্য তিন ঘণ্টা সময় যথেষ্ট নয়। কিন্তু এই তিন কক্ষের পরীক্ষার্থীরা সময় পেল পৌনে দুই ঘণ্টা। এতে অনেক পরীক্ষার্থীর ফেল করার আশঙ্কা রয়েছে।এদিকে এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যত্ নিয়ে এভাবে যারা দায়িত্বহীনতার পরিচয় দিলেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডায়না বেগম নামের এক অভিভাবক।জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ভুল প্রশ্নপত্র সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে।চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস বলেন, ‘আমার স্কুলের ছাত্রীদের সঙ্গে এ ধরনের দায়িত্বহীনতার ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া জানান, ন্যক্কারজনক এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।কুড়িগ্রাম: আজ কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি বাংলা প্রথমপত্রের রচনামূলক পরীক্ষায় ২০১২ সালের প্রশ্নের পরিবর্তে ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ৩ নম্বর কক্ষে ৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ২০১২-এর পরিবর্তে ২০১১ সালের সিলেবাসের বাংলা প্রথমপত্রের রচনামূলক প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা শুরুতে না বুঝে এই ভুল প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা দেওয়া শুরু। একপর্যায়ে প্রশ্নপত্রের ভুল বুঝতে পেরে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে এক ঘণ্টা পর সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে অতিরিক্ত ৪০ মিনিট সময় দিয়ে পরীক্ষা নেন শিক্ষকেরা।এ কারণে পরীক্ষার্থীরা মানসিক চাপে পরীক্ষার খাতায় ভালো লিখতে পারেনি বলে অভিযোগ করেছেন অভিভাবক আবদুল খালেক। পরীক্ষার্থী তানভীর ইসলাম শুভসহ অন্যরা দাবি করেন, শিক্ষকদের ভুলের মাসুল যেন তাদের দিতে না হয়। বরং এসব পরীক্ষার্থীর উত্তরপত্র যেন সহানুভূতির সঙ্গে মূল্যায়ন করা হয়, এ দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব রুখসানা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তবে পরে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।হবিগঞ্জ: এসএসসি পরীক্ষার প্রথম দিনে লাখই উপজেলায় আজ পরীক্ষার্থীদের ২০১২ সালের পরিবর্তে ২০১১ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার লাখই উপজেলার একটি কেন্দ্রে ভুল করে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০১১ সালের সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারলে পরীক্ষাকক্ষে হইচই শুরু হয়ে যায়। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ২০১২ সালের প্রশ্নে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।তবে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, নতুন করে আবার পরীক্ষা দেওয়ার পর অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে প্রশাসন বলেছে, এতে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সিলেট বোর্ডের চেয়ারম্যান ও হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসানকে অবহিত করেন। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ৪৫ মিনিট পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু শিক্ষকদের ভুলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।