ভুল-বোঝাবুঝি দূর করবে আইন মন্ত্রণালয়
স্পিকারের রুলিং নিয়ে আদালতের অভিমত সম্পর্কে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, স্পিকারের রুলিংকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, এতে আদালত কোনো রুল দেননি। মামলার মেরিট যাচাই করে রায় দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ বাধ্যতামূলক নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর এলজিইডি মিলনায়তন ভবনে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে জাতীয় সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন। নগর গবেষণাকেন্দ্র ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।স্পিকারের রুলিং এবং ওই রুলিংকে অকার্যকর বলে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিচার বিভাগ ও সংসদের মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছে, তা দূর করতে উদ্যোগ নেবে আইন মন্ত্রণালয়। আগামী সংসদ অধিবেশন বসার আগেই এ সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ—যেমন বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ—একেকটি সংস্থা একেকভাবে কাজ করে। কে কীভাবে কাজ করবে, সে বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল-বোঝাবুঝি হয়, তা আমাদের কাম্য নয়। এ-সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত হওয়া উচিত।’ গত ১৪ মে সড়ক ভবন নিয়ে আদালত অবমাননা মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৫ জুনের মধ্যে ব্লক সি-র বাকি অংশ ও ব্লক এ-র দুটি কক্ষ সুপ্রিম কোর্টকে হস্তান্তর করতে নির্দেশ দেন। এ আদেশ নিয়ে গত ২৯ মে সংসদে আলোচনা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে, আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবে, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।’এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক বলে মন্তব্য করেন। ওই দিন সন্ধ্যায় সংসদে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেন সরকারদলীয় কয়েকজন সাংসদ। তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করেন। পরে ১৮ জুন এ বিষয়ে স্পিকার রুলিং দেন। রুলিংয়ে বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বলা হয়, একজন বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। রুলিংয়ে স্পিকার বলেন, ‘একই সঙ্গে বলব, আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা নেবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’ এ অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট আবেদনটি করেন।রিট আবেদনের শুনানি শেষে আদালত অভিমতসহ ২৪ জুলাই আবেদনটি নিষ্পত্তি করেন। ২৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে স্পিকারের এই রুলিংকে আইনগতভাবে ভিত্তিহীন ও অকার্যকর বলে অভিমত দেওয়া হয়।