বাজারের প্রকৃত চিত্র পাচ্ছেন না বিনিয়োগকারীরা
ভুল সূচকের ওপর দাঁড়িয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে সূচক হিসাবের দাবি করলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভুল সূচক পরিমাপ করে আসছে।সচেতনভাবেই ভুলটি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাজারে প্রকৃত পরিস্থিতির চেয়ে অনেক উচ্চ অবস্থা বিরাজ করছে এবং বিনিয়োগকারীদের ভুল সংকেত দিচ্ছে। কারণ বাজারের তেজি অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা লাভের আশায় বাজারে ঢুকছেন।ডিএসইয়ের সর্বশেষ লেনদেন হিসাব অনুযায়ী বর্তমান সাধারণ সূচক চার হাজার ৫৩৫ পয়েন্ট হলেও আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করলে এটি কোনোভাবেই তিন হাজার পয়েন্টের বেশি হবে না।সর্বশেষ ভুলটি করা হয়েছে বাজারে গ্রামীণফোনের শেয়ার লেনদেন শুরু হওয়ার দিন। ওই দিন বাজারের প্রবৃদ্ধিকে বড় করে দেখানোর জন্য আন্তর্জাতিক সূত্রই যে শুধু অনুসরণ করা হয়নি তা নয়, একই সঙ্গে প্রারম্ভিক মূল্য ৭০ টাকার পরিবর্তে ১০ টাকা ধরে সূচক পরিমাপ করা হয়েছে। এতে বাজারে সূচক কয়েক শ পয়েন্ট বেশি বেড়ে গিয়ে বিনিয়োগকারীদের ভুল সংকেত দিয়েছে। পরে ভুলটি ধরা পড়লেও ডিএসইয়ের পরিচালনা পর্ষদ এটি সংশোধন করেনি। ডিএসইয়ের এসব ভুলের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা অবহিত থাকলেও তাঁরা বিষয়টি গোপন করে রেখেছেন দীর্ঘদিন ধরে।বিষয়টি নিয়ে দেশের প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োওয়ার সায়ীদ প্রথম আলোকে বলেন, এটি ঘটে থাকলে তা দেশের পুঁজিবাজারের ইতিহাসে বড় একটি দুর্ঘটনা। এতে করে ডিএসই ও এসইসিয়ের ওপর মানুষের আস্থা আরও কমবে।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সঠিকভাবেই সূচক পরিমাপ করে আসছে। আর তাই গ্রামীণফোন বাজারে প্রথম দিন লেনদেন হওয়ার পর সিএসইয়ের সূচকে তা প্রতিফলিত হয়নি। বরং নিয়মমাফিক দ্বিতীয় দিন থেকে গ্রামীণফোনের বাজারমূল্য সূচক পরিমাপে বিবেচনা করা হয়েছে। প্রসঙ্গত, সূচক হলো শেয়ারের মূল্যের পরিবর্তনের পরিমাপ। শেয়ারের মূল্য সূচক বাজারে শেয়ারমূল্যের গতিকে প্রতিফলন করে।জানা গেছে, ডিএসইয়ের বেশ কিছু সদস্য দীর্ঘদিন ধরেই সূচকটি ভুলভাবে পরিমাপের বিষয়ে তাঁদের বক্তব্য পরিচালনা পর্ষদকে জানিয়েছেন। ডিএসই বোর্ড তা সংশোধনের ব্যাপারে সব সময়ই অরাজি ছিল। তবে দেশের বাজার বড় আকারে রূপ নেওয়ায় নানা আন্তর্জাতিক সংস্থা এ ব্যাপারে কাজ শুরু করার পর ডিএসইয়ের বর্তমান বোর্ড এটি সংশোধন করতে রাজি হয়েছে। বিশেষত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দীর্ঘদিন ধরে এটি সংশোধনের চাপ দিয়ে আসছে। গত ২২ ডিসেম্বর ডিএসইয়ের পরিচালনা পর্ষদের কার্যপত্র থেকে জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইএসকো) নির্ধারিত পদ্ধতি বা সূত্র অনুসারে সূচক হিসাবের ক্ষেত্রে বাজারে যেকোনো নতুন শেয়ার এলে প্রথম দিনেই তার মূল্যের ওঠানামাকে বিবেচনা না করে দ্বিতীয় দিনের বাজার প্রারম্ভিক দামকে সূচকে অন্তর্ভুক্ত করে পরিমাপ করতে হয়। কিন্তু ১৯৯৮ সালে সূচক পরিমাপের ক্ষেত্রে আইএসকো সূত্র অনুসরণের ঘোষণা দিলেও ডিএসই এই বিধি মেনে সূচক পরিমাপ করে না। বরং বাজারে নতুন শেয়ারের লেনদেন শুরুর প্রারম্ভিক দামকে বিবেচনা করে সূচক পরিমাপ করে আসছে। আর এ কারণেই গ্রামীণফোনের লেনদেন যেদিন শুরু হয়, সেদিন ডিএসইয়ের সাধারণ সূচক ৭০৩ পয়েন্ট বেড়ে যায়।ডিএসইয়ের পরিচালনা পর্ষদ অতীতের এই ভুল সংশোধন করতে রাজি নয়। তবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে এ ধরনের ভুল আর করা হবে না। গত ২৩ ডিসেম্বর ডিএসইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি এসইসিকে জানিয়ে কমিশনের কাছ থেকে সূচক সংশোধনের অনুমোদন চাওয়া হয়েছে।নিজেদের ভুলের কথা স্বীকার করে ডিএসইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, অতীতে ভুল হয়ে এলেও এটি যাতে ভবিষ্যতে না হয়, সে জন্য সংশোধনের উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ। ভবিষ্যতে বাজারে কোনো নতুন শেয়ার লেনদেন শুরু হলে প্রথম দিনের মূল্যকে হিসাবে না দিয়ে দ্বিতীয় দিনের প্রারম্ভিক দামকে বিবেচনা করে ডিএসই সূচক পরিমাপ করা হবে।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, ডিএসইয়ের কাছ থেকে এ ধরনের একটি আবেদন তাঁরা পেয়েছেন। কমিশন বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। কমিশন বৈঠকে বিষয়টি ওঠার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।