ভুল স্বীকার করলেন যোগাযোগমন্ত্রী
পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ‘সারপ্রাইজ’ শব্দ ব্যবহার করায় ভুল স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যোগাযোগমন্ত্রীর ভুল স্বীকারের কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার প্রেক্ষাপটে গত রোববার সাংবাদিকেরা আমার প্রতিক্রিয়া জানতে চায়। একপর্যায়ে এক প্রশ্নের জবাবে আমি বলেছি বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলে জনগণের ওপর আর্থিক দায় কমও হতে পারে এবং আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকতে পারে।’মন্ত্রী বলেন, ‘বিকল্প অর্থায়নে ব্যয় বৃদ্ধি পাবে—এমন এক প্রশ্নের জবাবে আমি বলেছি, তাদের জন্য সারপ্রাইজ (চমক) রয়েছে। এ ক্ষেত্রে ভুলবশত সারপ্রাইজ শব্দটি ব্যবহার করেছি, যা ব্যবহার না করলেও পারতাম। শব্দটি ব্যবহারের জন্য আমি অকপটে ভুল স্বীকার করছি।’সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরুর বিষয়ে আমি প্রথম থেকেই গণমাধ্যমকে বলেছি এবং এখনো তা বিশ্বাস করি। আমি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কখনো অতিকথন করিনি। বরং শব্দ ও বাক্য প্রয়োগে সচেতন থেকেছি। বিভিন্ন সময়ে আমার বক্তব্যের মাধ্যমে সেতু বিভাগ তথা সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।’ গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী বলেছিলেন, ‘বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হলে খরচ কমও হতে পারে।’ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিকল্প অর্থায়নে পদ্মা সেতু করা হলে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে, যা হবে সারপ্রাইজ।’