ভুল ১১টি প্রশ্নের নম্বর সবাইকে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ১১টি ভুল প্রশ্নের বিপরীতে ১১ নম্বর যোগ দিয়ে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ-সংক্রান্ত রিট আবেদনটি নিষ্পত্তি করে এই আদেশ দেন।একই সঙ্গে, প্রশ্নপত্রের ওই ভুল সম্পর্কে তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যার জন্য বিজি প্রেসের গঠিত তদন্ত কমিটির সদস্য ও সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, পরিচালক বিবেকানন্দ বিশ্বাস ও পরিচালক মো. মজিবর রহমানকে ৭ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।গত ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসংগতি রয়েছে বলে উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবিতে গত ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট করেন। ওই রিটের ওপর শুনানি শেষে গতকাল আদেশ দেওয়া হয়। কারণ, ওই প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের সহানুভূতির দৃষ্টিতে দেখার সুপারিশ করা হয়েছে বলে রিট আবেদনকারীদের আইনজীবী জানান।আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) পক্ষে মো. আসাদুল্লাহ মামলা পরিচালনা করেন।শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী বলেন, হাজার হাজার পরীক্ষার্থী প্রশ্নপত্রে ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর দায় পিএসসি এড়াতে পারে না। তাই দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার প্রার্থনা জানান তিনি। পিএসসির আইনজীবী বলেন, সব পরীক্ষার্থীকে ১১ নম্বর দেওয়ার সিদ্ধান্ত আছে। আদালত মঞ্জুর করলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।রিটে বলা হয়, সংবিধানের ১৪০(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে লোক নিয়োগের দায়িত্ব পিএসসির। ৩০তম বিসিএস পরীক্ষায় পিএসসি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত।