ভুলে ভরা জন্মনিবন্ধন সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়াইনঘাটে শিশুর অতি প্রয়োজনীয় জন্মনিবন্ধন সনদ নানা ভুলে সয়লাব। গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রদত্ত জন্মনিবন্ধন সনদে ভুলের ছড়াছড়ি। বর্তমানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্যও জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ভুলের কারণে সঠিক তথ্য লিপিবদ্ধ করা সম্ভব হচ্ছে না। এতে শিশুরা পরবর্তী জীবনে তথ্যবিভ্রাটে ভুগবে বলেও তাঁদের অভিমত। উপজেলার নানা শ্রেণী-পেশার সচেতন নাগরিকদের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, জন্মনিবন্ধন ছাড়া ভবিষ্যতে কোনো কাজই সম্ভব নয়। যেমন সরকারি চাকরি, পাসপোর্ট ও বিদ্যালয়ে ভর্তিসহ অনেক কাজেই জন্মনিবন্ধন বাধ্যতামূলক। অথচ ইউনিয়ন পরিষদের সচিবদের অবহেলায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে। উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর কান্তি দে অসংখ্য ভুলে ভরা কয়েকটি জন্মনিবন্ধন সনদ দেখিয়ে বলেন, ‘শতকরা ৮০ জন শিশুর জন্মনিবন্ধন সনদে এ রকম তথ্যগত ভুল রয়েছে।’জলুরমুখ আবাদীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর একইভাবে কয়েকটি জন্মসনদ দেখিয়ে বলেন, ‘যে শিশুর বয়স ছয়, তার জন্ম সাল গণনা করে দেখা যায় ১২ কিংবা ১৩। এ নিয়ে আমরা বিড়ম্বনায় পড়ি।’ উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন বলেন, ‘৫০ শতাংশ শিশুর নামের বানানে থাকে অজস্র ভুল। অনেক সময় আমাদেরও তথ্য ঠিক রাখতে এই ভুল বানানই লিখতে হয়।’ পশ্চিম জাফলং ইউনিয়নের নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদুল কিবরিয়া বলেন, ‘এখন ভর্তির মাস চলছে। ভুল হলেই আমি সনদ বদলে আনতে বলি। কারণ, ভুল তথ্য লিপিবদ্ধ না করতে আমাদের শিক্ষা অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে।’ এদিকে জন্মনিবন্ধন সনদ নিয়ে অভিভাবকদের অনেকেই অভিযোগ করেন, জন্মসনদ আনতে টাকা লাগে। তা ছাড়া বারবার গেলে টাকা দিতে হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সামান্য কাজের জন্য গেলেও সারা দিন চলে যায়। দিনমজুর অভিভাবকেরা তাই কাজ ফেলে ইউনিয়ন পরিষদে যেতে অনীহা প্রকাশ করেন। পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের মতিলাল বলেন, ‘আগে জন্মনিবন্ধন ছাড়া শিশুদের ভর্তি করতাম। এখন জন্মনিবন্ধন ছাড়া শিশুদের ভর্তি করা যায় না। গ্রামের নিরক্ষর মানুষ ভোগান্তির শিকার হয়।’ ফতেহপুর ইউনিয়নের মহিষখেড় গ্রামের শরিফা বেগম বলেন, ‘লেখাপড়া জানি না। ভুল দিল, না শুদ্ধ দিল, আমরা বুঝিও না।’ তোয়াকুল ইউনিয়নের ফাতেমা বেগম বলেন, ‘জন্মনিবন্ধনে আমার ছেলের সাল ও নাম ভুল ছিল। পরে প্রাইমারি স্কুলের স্যারে শুদ্ধ করি দিছইন।’জন্মনিবন্ধনের নানা ভুল প্রসঙ্গে জলুরমুখ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সুধন্য দাস বলেন, ‘এলাকার হাওরাঞ্চলের মানুষ নিরক্ষর। তারা তাদের অধিকার সম্পর্কে তেমন সচেতন নয়। তাই যাঁরা শিক্ষিত এবং সরকারি বিভিন্ন দায়িত্বে আছেন, তাঁদের উচিত, গ্রামের মানুষকে সহায়তা দেওয়া।’ জন্মসনদে ভুল করা ও টাকা নেওয়া প্রসঙ্গে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আবদুল খালেক বলেন, ‘আমরা টাকা নিই না। কেউ নিয়ে থাকলে জানি না। আর যে যেমন নাম বলে, তেমন বানানেই তো লিখি।’ পশ্চিম জাফলং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সচিব মৃদুল কান্তি বলেন, ‘টাকা-পয়সা নেওয়া হয়, কথাটা ঠিক না। আর যদি নেওয়াও হয়ে থাকে, তবে তা সরকারি নিয়ম মতে নেওয়া হয়। তবে তথ্য যাতে ভুল না হয়, আমরা সেদিকে খেয়াল রাখি।’আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ অনেকেই করে। সত্যতা যাচাই করে কয়জন। তা ছাড়া কেউ তার সন্তানের জন্ম ২০০৬ বললে আমি তো ১০ লিখতে পারব না।’নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, একসময় উপজেলায় জন্মনিবন্ধন হতো না। এ নিয়ে ২০০৫ সালে প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়েছিল। সম্পাদকীয়ও হয়েছিল। আজ ২০১০ সালে এক শ ভাগ জন্মনিবন্ধন হচ্ছে। এটাই তো অনেক বড় সাফল্য। ভুলভ্রান্তি কিছু হবেই। একসময় তা ঠিক হয়ে যাবে।গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, সঠিক তথ্যসংবলিত জন্মনিবন্ধন সনদ নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।