ভুলের সুযোগ নিতে হবে
গেইলকে ফেরাতে হবে আগেসিরিজটা শুরু হচ্ছে টেস্ট দিয়ে। আমার মনে হয় না, টেস্ট ক্রিকেটে ক্রিস গেইল ওয়ানডে-টি টোয়েন্টির মতো অত বড় হুমকি। টেস্টে এক-দুজন বোলার ভালো বল করতেই পারে। গেইলের পক্ষে মনে হয় না টিকে থাকা অত সহজ হবে। হ্যাঁ, গেইল-হুমকি এই অর্থে যে, সে যতক্ষণ উইকেটে থাকবে, রান হতেই থাকবে। এটা ওয়েস্ট ইন্ডিজ দলের বাড়তি সুবিধা। নইলে টেস্টে তারাও গেইলের দিকে ভরসা নিয়ে তাকিয়ে থাকে না। টেস্ট ক্রিকেটে গেইল কখনোই ধারাবাহিক পারফরমার নয়। তবে এটাও ঠিক, আউট না করতে পারলে ৩০০ রান করাও অসম্ভব নয় তার পক্ষে। টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি তো আর এমনিতেই করেনি। গেইলকে তাই দ্রুত ফিরিয়ে দিতে পারলেই ভালো।আসল হুমকি চন্দরপলশিবনারায়ণ চন্দরপলই আমাদের সবচেয়ে বড় হুমকি এই টেস্ট সিরিজে। আমাদের যদি কখনো জেতার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়, দেখবেন চন্দরপলের জন্যই পারিনি। ও একাই ইনিংস টেনে নিয়ে যেতে পারে। খুব ভালো বল না করলে আমাদের বোলারদের পক্ষে ওকে আউট করা কঠিন। কিংবা চন্দরপলের ভুল করতে হবে। এ ছাড়া ড্যারেন ব্রাভো, দিনেশ রামদিনরা আছে। বোলারদের মধ্যে কেমার রোচ আসছে না। তবে আমার মনে হয়, রোচ এলেই আমাদের জন্য ভালো হতো বেশি। ওর জায়গায় যে আসছে, সেই এডওয়ার্ডস আমাদের ব্যাটসম্যানদের জন্য সমস্যার কারণ হতে পারে। সঙ্গে অফ স্পিনার সুনীল নারাইনকে সামলানোর ব্যাপারও আছে। মাত্র তিনটি টেস্ট খেললেও এই তিন টেস্টেই সে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে ওকে বুঝেশুনে খেলতে হবে।আরও একটা চ্যালেঞ্জআমরা নিজেরাও নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ দল টেস্ট খেলতে নামছে প্রায় এক বছর পর। এই এক বছরে আমাদের খেলোয়াড়েরা দীর্ঘ পরিসরের ক্রিকেটও তেমন একটা খেলেনি। টেস্ট সিরিজে সে অনভ্যাস সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তবে আমরা অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি এরই মধ্যে। এশিয়া কাপেও ভালো পারফরম্যান্স ছিল। টেস্টের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে আশা করি ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ভালোই করবে সবাই। টেস্টে ভালো খেললে সে আত্মবিশ্বাসটাও কাজে লাগবে পরে।শুরুটা করতে হবে পেসারদেরএটা ঠিক, স্পিন আমাদের বড় শক্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে আমাদের স্পিনাররা সাফল্যও পেয়েছে। কিন্তু আমি মনে করি, ক্যারিবীয় ইনিংসে ভাঙনের শুরুটা করতে হবে পেসারদেরই। পেস বোলাররা যদি শুরুতেই আঘাত করতে না পারে, পরে স্পিনারদের কাজটা কঠিন হয়ে যাবে। কাজেই শাহাদাত-রুবেলদের শুরু থেকে ভালো লাইন-লেংথে বল করে যেতে হবে। টেস্ট ক্রিকেটে বরাবরই পেস বোলারদের দায়িত্ব অনেক। হয়তো আমাদের দেশের উইকেটে তারা সে রকম প্রভাব বিস্তার করতে পারে না। তবে এটা ঠিক, পেসাররা শুরুটা ভালো করে দিতে না পারলে ভালো কিছু পাওয়া কঠিন। আমি চাই, তারা অন্তত ক্রিস গেইলকে ফিরিয়ে দিক।সাকিবের কাছে প্রত্যাশাএটা ঠিক, সাকিব আল হাসান আমাদের অনেক বড় ভরসা। এই সিরিজেও হয়তো ওর ভালো খেলা-খারাপ খেলার ওপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। তবে আমি চাই না, সাকিবের ওপর বাড়তি চাপ দিতে। ও ওর মতো খেলুক। তা ছাড়া শুধু সাকিবের দিকে তাকিয়ে থেকে পুরো সিরিজে ভালো করা যাবে না। অন্যদেরও এগিয়ে আসতে হবে। তামিম খুব ভালো ফর্মে আছে, প্রত্যাশা থাকবে মুশফিকের কাছেও। আর নাঈম বেশ কিছুদিন ধরেই দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো খেলছে। তাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে ভালো কিছু করার। শুধু সামর্থ্যটাকে পারফরম্যান্সে অনুবাদ করতে হবে।বাংলাদেশ দলের কাছে চাওয়াখুব বড় কিছু আশা করছি না। তবে এটা তো প্রমাণিতই, আমরা যেদিন ভালো খেলি, সেদিন প্রত্যাশার চেয়েও বেশি পাই। তো আশায় আছি, বাংলাদেশ ভালো খেলবে এবং ভালো খেলার সামর্থ্যও আছে তাদের। নিজেদের মৌলিক কাজগুলো ঠিকঠাকভাবে করলেই সে পথে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। ওয়েস্ট ইন্ডিজের ভুলের সুযোগগুলো নিতে হবে।সেই স্মৃতিএই সেই ওয়েস্ট ইন্ডিজ! ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই হাঁটুতে আবারও চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলাম মাঠ থেকে। এরপর আমার আর টেস্ট খেলা হয়নি। সেই দলের ড্যারেন স্যামি আর টিনো বেস্ট আছে এই দলে। ওই সেন্ট ভিনসেন্ট টেস্টেই কেমার রোচের অভিষেক, ও অবশ্য চোটের কারণে আসেনি এবার। প্রায় সাড়ে তিন বছর আগের ওই দুর্ঘটনার টেস্ট ক্রিকেট থেকে আমাকে দীর্ঘ নির্বাসনে পাঠালেও আমি আবার টেস্টে ফিরতে চাই। হয়তো বা এই মুহূর্তে টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট নই, তবে আমি অবশ্যই ফিরে আসব। ফিটনেস আর স্ট্রেংথ ট্রেনিংটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারলে আশা আছে, আগামী বছরই টেস্টে ফেরার। তার আগে চলতি জাতীয় লিগে চাপ না নিয়ে কয়েকটা ম্যাচ খেলব। এরপর আগামী জাতীয় লিগ দিয়ে পুরোদমে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার ইচ্ছা। টেস্ট সিরিজে দর্শক হয়ে বসে থাকতে বড় কষ্ট হয়!