ভুয়া কাগজে জামিন নিয়ে লাপাত্তা দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়েছেন গুলশানের চাঞ্চল্যকর দম্পতি হত্যা মামলার দুই আসামি মো. রুবেল ও মিথুন চন্দ। মূল ঘটনা বা এজাহারের সঙ্গে তাঁদের জামিন আবেদনে উল্লিখিত এজাহারের অনুলিপির (সার্টিফায়েড কপি) কোনো মিলই ছিল না। আসামিরা জালিয়াতি করে জামিন নিয়ে লাপাত্তা হওয়ায় নিহত দম্পতির স্বজনেরা রয়েছেন চরম আতঙ্কে।গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরে ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে ঘরে ঢুকে খুন করেন রুবেল এবং তাঁর বন্ধু মিথুন। ওই দম্পতি রুবেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় তাঁদের দুই মেয়ের সামনেই গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে রুবেল, মিথুনসহ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত শেষে দেওয়া অভিযোগপত্রে পুলিশ রুবেল, মিথুনসহ চারজনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রুবেল নিজে গুলি করে ওই দম্পতিকে খুন করেন। তিনি তাঁদের ছোট মেয়েকেও খুন করার জন্য পিস্তলের ট্রিগার চাপেন। কিন্তু গুলি বের না হওয়ায় মেয়েটি বেঁচে যায়।ভুয়া কাগজের বদৌলতে গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২৭ জানুয়ারি জেল থেকে বের হন রুবেল ও মিথুন। এরপর তাঁরা নিহতের পরিবারকে ভয়ভীতি দেখালে তাঁরা আইনগত সহায়তার জন্য আইনজীবী মনজিল মোরসেদের সঙ্গে যোগাযোগ করেন। মনজিল মোরসেদ কাগজপত্র পর্যালোচনা করে তাতে অসংগতি পান এবং বিষয়টি আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ ফেব্রুয়ারি রুবেল ও মিথুনের জামিন বাতিল করে তাঁদের গ্রেপ্তার নিশ্চিত করতে পুলিশকে আদেশ দেন। জামিন আবেদনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম ও মনির হোসেনকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। এ ছাড়া বিচারিক আদালতকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।আইনজীবী মনজিল মোরশেদ জানান, জামিন আবেদনে এই মামলার ঘটনার শুধু তারিখ ও নম্বর ঠিক রেখে বাকি সবকিছু বিকৃত করে উপস্থাপন করা হয়। শুধু সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে আদালত জামিন বাতিল করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও এখন তাঁদের খুঁজে পাচ্ছে না পুলিশ।মূল এজাহার: মামলার মূল এজাহারে লেখা রয়েছে, ওই দিন সকালে রুবেল ও মিথুন সাদেকুর রহমানের বাসায় ঢোকেন। রুবেল সাদেকুর রহমানকে বলেন, ‘আপনার মেয়েকে নিতে এসেছি। আমি তাঁকে বিয়ে করব।’ সাদেকুর রহমান এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রুবেল প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে তাঁর মাথায় ঠেকিয়ে গুলি করেন। এরপর সাদেকুর রহমানের স্ত্রী রোমানাকে মাথায় গুলি করেন মিথুন। মূল এজাহারের বাদী হলেন নিহত দম্পতির ছেলের শ্বশুর আবুল হোসেন।হাইকোর্টে উপস্থাপিত তথ্য: হাইকোর্টে উপস্থাপিত এজাহারের অনুলিপিতে বাদীর নাম উল্লেখ করা হয় কামাল হোসেন। আর নিহতের নাম উল্লেখ করা হয় জামাল হোসেন। সন্দেহভাজন খুনি হিসেবে জসীম ও হারুন নামের দুজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সেখানে রুবেল আর মিথুনের নামই নেই।এজাহারের অনুলিপিতে লেখা ছিল: ‘গত ২৪ মার্চ সকালে আমার ভাই জামাল হোসেন বাজারে যাওয়ার সময় অজ্ঞাত দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে আমার ভাইকে লক্ষ্য করে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর বড় ভাইয়ের স্ত্রী সালমা খানম, তাঁর ছেলে সজল খানসহ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কিছুদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে বাসার জায়গা নিয়ে স্থানীয় মো. জসীম ও হারুন শেখের বিবাদ চলছিল। তারা আমার ভাইকে মৃত্যুর হুমকিও দিয়েছিল। তাই আমার ধারণা, তারা আমার ভাইকে গুলি করে হত্যা করে থাকতে পারে।’আইনজীবীও ভুয়া: রুবেল ও মিথুনের জামিন আবেদনকারী আইনজীবী মুনিরুল ইসলাম ও মনির হোসেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলার নথিপত্রে বারের যে তালিকাভুক্তির নম্বরটি ছিল, সেটি ভুয়া।মনজিল মোরসেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, জামিন আবেদনে যে অনুলিপিগুলো দেওয়া হয়েছে, তার সবগুলোই ভুয়া। নিম্ন আদালত থেকে বের করা অনুলিপির অবিকল করে ভুয়া কাগজগুলো বানানো হয়েছে। নাজির, অনুলিপিকারক, তুলনা সহকারী সবারই ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।মনজিল মোরসেদ বলেন, জামিন আবেদনকারী আইনজীবী মুনিরুল ইসলাম তাঁর বারের তালিকাভুক্তির যে নম্বর দিয়েছেন, সেটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মনির হোসেন নামে কোনো আইনজীবীর খোঁজও এখন পর্যন্ত পাওয়া যায়নি। আদালত ওই আইনজীবীদের এর ব্যাখ্যা দিতে বললেও তাঁদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মনজিল মোরসেদ বলেন, এ ধরনের ভুয়া কাগজপত্র তৈরি করার একটি চক্র রয়েছে। তাদের সঙ্গে আইনজীবীরাও জড়িত থাকতে পারেন। আইনজীবীদের ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত করে এসব চক্রের মূলোৎপাটন করতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত।রুবেল ও মিথুন লাপাত্তা: এ ঘটনার পর রুবেল ও মিথুনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হাইকোর্টের নির্দেশে পুলিশ, ডিবি একাধিকবার বাসায় গিয়েও তাঁদের পায়নি।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ রকম একটা চাঞ্চল্যকর মামলার আসামি জামিন পেয়ে যাওয়া হতাশাজনক। তাঁদের ধরতে পুলিশকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন জামিন পেয়ে তাঁরা গা-ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের ধরতে চেষ্টা চলছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করেও তাঁদের ধরতে পারিনি। এ রকম একটা চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি এভাবে জাল কাগজপত্র দিয়ে জামিন পেয়ে যায়, এটা খুবই হতাশাজনক।’আতঙ্কে নিহতের পরিবার: এদিকে দুই আসামি জামিন পেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন নিহত দম্পতির পরিবার। নিহতের দুই মেয়ে ও পুত্রবধূ কালাচাঁদপুরের ওই বাসা বদল করে অন্য একটি বাসায় রয়েছেন। তাঁরা জানিয়েছেন, জামিন পাওয়ার পর কয়েক দিন রুবেল ফোন করে হুমকি দিয়েছেন। এখন লাপাত্তা হয়ে যাওয়ায় তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন।