ভুয়া চালকদের শাস্তি দিয়ে বিপাকে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল লাইসেন্স বহন ও লাইসেন্স না থাকায় সাতজন গাড়িচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের রোষে পড়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। মারমুখী শ্রমিকদের ধাওয়ায় সড়ক নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি বাস কাউন্টারে ঢুকে পড়ে নিজেকে রক্ষা করেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ভবিষ্যতে ‘হয়রানি’ না করার আশ্বাস চেয়ে শ্রমিকেরা তিন ঘণ্টা গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে রাখেন। পরে আটক চালকদের তাৎক্ষণিক জামিন দিয়ে এবং ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন আদালত। তিন ঘণ্টা ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী বন্ধ হয়ে থাকায় যানজট ছড়িয়ে পড়ে শহরের ভেতরে ও বাইরে। বিকেল চারটা পর্যন্ত মিরপুর সড়কজুড়েই ছিল তীব্র যানজট। অন্যদিকে ঢাকায় ঢোকার জন্য অপেক্ষমাণ গাড়ির সারিও অন্তত দুই কিলোমিটার দীর্ঘ হয়। রোজা রেখে ভারী ব্যাগ ও মালপত্র নিয়ে যাত্রীদের কয়েক কিলোমিটার হাঁটতে হয়েছে।প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে পর্বত প্রেক্ষাগৃহের সামনে ভ্রাম্যমাণ আদালত বসেন। আদালত কয়েকটি যানবাহনকে জরিমানা করেন ও সাতজন গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে দেন। হাতকড়া পরা অবস্থায় রাস্তার পাশে সাতজন গাড়িচালককে দাঁড়িয়ে থাকতে দেখে পরিবহন শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁরা একজোট হয়ে ভ্রাম্যমাণ আদালতকে ধাওয়া দেন। দুপুর ১২টার দিকে তাঁরা রাস্তার ওপর এলোপাতাড়ি বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন। বেলা তিনটার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা বাসগুলো রাস্তা থেকে সরিয়ে নেন। তবে শ্রমিকেরা দাবি করেছেন, ‘নৌপরিবহনমন্ত্রীর নির্দেশেই তাঁরা রাস্তা ছেড়ে দিয়েছেন।’ পরে নৌপরিবহনমন্ত্রী এসে সেখানে সমাবেশ করে পরিবহন শ্রমিকদের পক্ষে নানা সাফাই গেয়েছেন।যেভাবে সূত্রপাত: বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পর্বত প্রেক্ষাগৃহের সামনে কার্যক্রম শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতে ছিলেন বিআরটিএর কয়েকজন কর্মকর্তা ও পাঁচজন পুলিশ সদস্য। ফিটনেস, রুট পারমিট, ইনস্যুরেন্স ইত্যাদি না থাকার অপরাধে কয়েকটি যানবাহনকে সাত হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। জাল ড্রাইভিং লাইসেন্স বহনের দায়ে তিনজনকে ও লাইসেন্স না থাকায় চারজনকে গ্রেপ্তার করেন আদালত। এই সাতজনের মধ্যে দুজন গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এই সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর জন্য আদালতের সঙ্গে থাকা পুলিশের হেফাজতে দেওয়া হয়। এরপর আদালত গাবতলীর কোটবাড়ীতে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব টার্মিনালে অভিযান শুরু করেন। ঈদের টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না বা টিকিট কালোবাজারে যাচ্ছে কি না, তা দেখতে এ অভিযান চলছিল। এ সময় বাইরে শ্রমিকেরা হইচই করে ওঠেন।ম্যাজিস্ট্রেট বলেন, ‘শ্রমিকদের হইচই শুনে আমি হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে গিয়ে বসি। পরে উদ্ভূত পরিস্থিতিতে দণ্ড দেওয়া ওই চালকদের জামিনে ছেড়ে দিয়ে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।’ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘যখন কেউ গ্রেপ্তার হয়, তখন তো তাকে হাতকড়া পরানো হয়। এখানেও তা-ই হয়েছে।’নৌমন্ত্রীর নির্দেশে সড়ক শান্ত!: বেলা তিনটার দিকে দারুস সালাম থানার পুলিশ রাস্তার ওপরে থাকা গাড়িগুলো সরিয়ে দেয়। গাবতলীতে ক্রিয়াশীল কয়েকটি সংগঠনের শ্রমিক নেতারা এ সময় পুলিশের সঙ্গে ছিলেন। তাঁরা বলেন, নৌমন্ত্রী শাজাহান খানের আশ্বাস ও নির্দেশে তাঁরা অবরোধ তুলে নিতে পুলিশকে সাহায্য করছেন। রাস্তা অবরোধ করা কোনো শ্রমিক সংগঠনের সিদ্ধান্ত ছিল না। শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে রাস্তায় নেমেছেন। নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস আলী সাংবাদিকদের বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খান রাস্তা অবরোধের বিষয়টি মিটিয়ে ফেলতে বলেছেন। সে জন্য শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়েছেন।’গাড়ি চলাচল স্বাভাবিক হওয়ার পর বিকেল পৌনে চারটার দিকে হানিফ কাউন্টার থেকে পুলিশের পাহারায় বের হয়ে আসেন ম্যাজিস্ট্রেট। গাড়ি চালাইবার পারলেই ডাইবার: গতকাল বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টেকনিক্যাল মোড় থেকে গাবতলীতে ঢোকার মুখে রাস্তার দুই পাশে দুটি বড় বাস আড়াআড়ি করে রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছেন সহস্রাধিক শ্রমিক। এ সময় শ্রমিকেরা হিউম্যান হলারের কয়েকজন চালককে তাঁদের নিষেধ অমান্য করে গাড়ি চালানোর জন্য মারধর করেন।মূল ঘটনাস্থল পর্বত প্রেক্ষাগৃহের সামনে রাস্তার ওপর বাস ও ট্রাক আড়াআড়ি করে রাখা হয়েছে। সেখানে ঘটনা সম্পর্কে জানতে চাইলে কয়েকজন শ্রমিক এ প্রতিবেদককে ঘিরে ধরেন। তাঁরা ঘটনার জন্য ভ্রাম্যমাণ আদালতকে দায়ী করে বলেন, ‘মুবাইল কোট ডাইবার/ইস্টাপগো গায়ে হাত তুলছে।’ ১৭-১৮ বছরের এক তরুণ বলেন, ‘আরে ভাই, আমরা রাস্তায় চইলা-ফিরা খাইতাছি না। গাড়ি চালাইবার পারলেই ডাইবার। লাইসেন্সওলা ডাইবার কি একসিডেন করে না?’ ওই তরুণের দাবি, তিনি পাঁচ বছর ধরে লেগুনা হিউম্যান হলার চালাচ্ছেন, কোনো দুর্ঘটনা ঘটাননি। কিন্তু তাঁর লাইসেন্স নেই।লাইসেন্স না থাকাটা দোষের কি না—জানতে চাইলে তিনিসহ কয়েকজন কর্মী বলেন, ‘যারা গাড়ি চালায়া খায় তাগো লাইসেন্স দিতেই সরকারের যত টালবাহানা। এই জন্যে মাইনষে ট্যাকা দিয়া দুই লম্বর লাইসেন্স নেয়।’নৌমন্ত্রীর সমাবেশ: অবরোধের পর বিকেলে গাবতলীতে পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যও দেন নৌমন্ত্রী।তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘যে বাসের সঙ্গে সংঘর্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীর মারা গিয়েছেন, আমি ওই গাড়ির কয়েকজন যাত্রীর বক্তব্য শুনেছি। তাঁরা বলেছেন, ওই বাসচালক যদি দক্ষ না হতেন তবে গাড়ি উল্টে আরও প্রাণহানি ঘটতে পারত। ওই চালককে রিমান্ডে না নিলেও হতো। দুর্ঘটনার পর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা হবে। মামলায় যদি প্রমাণ হয় চালক উদ্দেশ্যমূলকভাবে কাউকে হত্যা করেছে, তবে তিনি দায়ী হবেন। তদন্ত ছাড়া কাউকে দায়ী করা ঠিক না।’মন্ত্রী বলেন, ‘যারা আলোচনা করছেন, টক শো করছেন; আমি আশ্চর্য হয়ে যাই তাঁরা দু-চারজন ছাড়া কেউ সমাধানের পথ বলছেন না। অনেকে বলেন, সর্বোচ্চ দুর্ঘটনার দেশ বাংলাদেশ। অথচ সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে নেপালে। দুর্ঘটনার দিক দিয়ে আমরা দ্বিতীয়। এই ভ্রান্তিও তাঁদের দূর হওয়া উচিত।’নৌমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা টক শোতে অনেক কথা বলছেন। ইতিমধ্যে প্রথম আলোর মতো পত্রিকাও একটা বিকৃত ছবি (শাজাহানের কার্টুন) ছাপিয়েছে। বিকৃত রুচি যার, বিকৃত চিন্তার লোক, বিকৃত চেহারার লোক—তিনিই পারেন এই বিকৃত ব্যঙ্গচিত্র ছাপাতে।’ শাজাহান খান বলেন, ‘অদক্ষ শ্রমিকদের লাইসেন্স দেওয়া হলে আমার প্রিয় বোন তারানা হালিম আমরণ অনশন করতে চেয়েছেন। আমিও আপনার সঙ্গে অনশন করব। আমরা অদক্ষ শ্রমিকদের লাইসেন্স দেওয়ার কথা বলিনি। দক্ষ শ্রমিক যারা, টেস্ট নিয়ে তাদেরই দেওয়া হোক। কিন্তু আমার কথা হলো আপনাকে (তারানা) আমাদের এই সমস্যা বুঝতে হবে।’মন্ত্রী বলেন, ‘আমার একজন অত্যন্ত প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি ১৬টি জেলায় চালকদের প্রশিক্ষণ দিয়েছেন। এটা ভালো উদ্যোগ। কিন্তু ১৬ জেলায় ১৬ দিন প্রশিক্ষণ দিলে এই সমস্যার সমাধান হবে না। আমি তাঁকে আহ্বান করি, ৬৪ জেলায় প্রতিনিয়ত শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে।’