ভুয়া চিকিত্সক ওহাব খান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের ভুয়া চিকিত্সক এ ওহাব খানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আসামি ওহাব খান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম সাইফুর রহমান আবেদনটি নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।জাল সনদ তৈরি করে প্রতারণার মাধ্যমে চিকিত্সা পেশা চালিয়ে যাওয়ার অভিযোগে সিকদার হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলতাফ হোসেন হাজারিবাগ থানায় একটি মামলা করেন।প্রসঙ্গত, গত ২ মে সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের ভুয়া চিকিত্সক এ ওহাব খানের সন্ধান পাওয়া যায়। তিনি যে নামপত্র (নেমকার্ড) ব্যবহার করতেন এবং হাসপাতালে তাঁর কক্ষের সামনে যে নামফলক ছিল, তাতে এমডি (মেডিসিন), ডিআইএম (নিউরো-মেড), স্পেসিয়ালিস্ট ইন নিউরো মেডিসিন (অস্ট্রেলিয়া) এবং সহযোগী অধ্যাপক নিউরো মেডিসিন বিভাগ লেখা ছিল। তিনি সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জয়নুল হক সিকদার কার্ডিয়াক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে স্নায়ু (নিউরো) রোগের বিশেষজ্ঞ চিকিত্সক হিসেবে চিকিত্সা করতেন।গত ১৯ মার্চ মো. রফিক নামের এক ব্যক্তির অভিযোগে জানা যায়, ওহাব খান ও তাঁর সহকর্মী চিকিত্সক হারুন তাঁর বাবা মো. নুরুল ইসলামের ভুল চিকিত্সা করেছেন। তাঁর অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে, তিনি কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেননি। অন্যের সনদ জাল করে তিনি চিকিত্সক হয়েছেন। নামের সঙ্গে যেসব উচ্চতর ডিগ্রি তিনি ব্যবহার করতেন, তা ভুয়া।