ভুয়া চিকিত্সকের কারাদণ্ড
ভুয়া সনদে চিকিত্সক সেজে মিরপুর ১১ নম্বরে রোগীর চিকিত্সা দিচ্ছিলেন কিবরিয়া। আজ শনিবার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ভুয়া সনদ ব্যবহার করে চিকিত্সা করার অপরাধে কিবরিয়াকে দুই বছরের কারাদণ্ড দেন।র্যাব সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে র্যাব-৪-এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১১ নম্বরে আকুমুনন্নেসা চক্ষু হাসপাতালের চেম্বারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর চেম্বারের সামনে সাঁটানো ছিল এমবিবিএস ও এমডি ডিগ্রি। ভুয়া সনদ রাখার অভিযোগে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। জরিমানার তিন লাখ টাকা দিতে না পারায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা বলেন, জিজ্ঞাসাবাদে কিবরিয়া ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন তিনি ভারত থেকে ১২ হাজার টাকায় এমবিবিএস ও এমডি ডিগ্রির সনদ কিনে এনেছেন। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে যশোরের একটি ওষুধের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তিনি রোগীকে ব্যবস্থাপত্র লিখে দিতেন। ভারত থেকে সনদ কিনে আনার পর তিনি রাজধানীতে এমবিবিএস চিকিত্সক পরিচয়ে ব্যবস্থাপত্র লেখা শুরু করেন। এর আগে ২০০৮ সালে ভ্রাম্যমাণ আদালত মিরপুর থেকে ভুয়া চিকিত্সক কিবরিয়াকে গ্রেপ্তার করেছিলেন। তবে তখন আইন না থাকায় শুধু দণ্ড দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি চিকিত্সা করতে পারেন না। জি কিবরিয়ার বিএমডিসিতে নিবন্ধন নেই। অভিযানে অংশ নেন র্যাব-৪ এর সদস্যরা।