ভুয়া চিকিৎসক ওহাব খান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ভুয়া চিকিৎসক এ ওহাব খান গতকাল বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন। চিকিৎসা সনদ জালিয়াতি ও প্রতারণার মামলায় তিনি জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।আসামি ওহাব খানের পক্ষে আইনজীবী আলাউদ্দিন মোল্লা জামিনের আবেদন করেন। আদালত আসামির চিকিৎসাবিষয়ক সনদ দেখাতে বলেন। আইনজীবী তা দেখাতে ব্যর্থ হন। শুনানি শেষে মহানগর হাকিম সাইফুর রহমান জামিনের আবেদন নাকচ করে দেন। আদেশে বলা হয়, ওহাব খান চিকিৎসক কিন্তু মেডিকেল সনদ দাখিল করেননি। জাল সনদ দিয়ে জনস্বাস্থ্য ও জনস্বার্থ পরিপন্থী কাজ করেছেন। এ অবস্থায় তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করা হলো। জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের করা মামলায় অভিযোগ করা হয়, ওহাব খান সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করেছেন মর্মে অভিজ্ঞতার কাগজপত্র দিয়ে চাকরি নেন। সম্প্রতি তাঁকে মূল সনদ দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি। জাল সনদ তৈরি করে প্রতারণার মাধ্যমে চিকিৎসা পেশা চালিয়ে যাওয়ার অভিযোগে সিকদার মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলতাফ হোসেন হাজারীবাগ থানায় এ মামলা করেন।গত ২ মে সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের ভুয়া চিকিৎসক এ ওহাব খানের সন্ধান পাওয়া যায়। তিনি যে নামপত্র (নেমকার্ড) ব্যবহার করতেন এবং হাসপাতালে তাঁর কক্ষের সামনে যে নামফলক ছিল, তাতে এমডি (মেডিসিন), ডিআইএম (নিউরো-মেড), স্পেশালিস্ট ইন নিউরো মেডিসিন (অস্ট্রেলিয়া) এবং সহযোগী অধ্যাপক নিউরো মেডিসিন বিভাগ লেখা ছিল। তিনি সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জয়নুল হক সিকদার কার্ডিয়াক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে স্নায়ু (নিউরো) রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করতেন। গত ১৯ মার্চ মো. রফিক নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ওহাব খান ও তাঁর সহকর্মী চিকিৎসক হারুন তাঁর বাবা মো. নুরুল ইসলামের ভুল চিকিৎসা করেছেন। তাঁর অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে, ওহাব কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেননি। অন্যের সনদ জাল করে তিনি চিকিৎসক হয়েছেন। নামের সঙ্গে যেসব উচ্চতর ডিগ্রি তিনি ব্যবহার করতেন, তার সবই ভুয়া।