ভুয়া দলিলে চার কোটি টাকা ঋণের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে দুটি মৎস্য সমিতির নামে ভুয়া দলিল করে চার কোটি টাকার ঋণের জন্য আবেদন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ করপোরেশন (আইসিবি) ইতিমধ্যে সোয়া দুই কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে। ওই দুটি সমিতির কয়েকজন কর্মকর্তা এর আগে অপর দুটি মৎস্য সমিতির নামে প্রায় ৬৫ লাখ টাকা ঋণ নেন। সেই সমিতিগুলো এখন ঋণখেলাপি।সোনালী ব্যাংক সূত্রের বিবরণ অনুযায়ী, ২০০২ সালে উপজেলার সুন্দলী ইউনিয়নের কিছু লোক মৎস্যচাষি সেজে ২ নং সুন্দলী ইউপি প্রান্তিক মৎস্যচাষি সমিতি ও সুন্দলী আদর্শ মৎস্যচাষি সমিতি নামের দুটি সমিতি গঠন করেন। পরে সমিতি দুটির পক্ষে নওয়াপাড়া শাখা সোনালী ব্যাংক থেকে যথাক্রমে ৪৬ লাখ ১৫ হাজার টাকা ও ১৮ লাখ ৪৫ হাজার টাকা ঋণ নেওয়া হয়। এই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে না। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে ওই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি টাকা। সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘মাছচাষি সেজে কাগজে-কলমে সমিতি গঠন করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। ঋণগ্রহীতাদের দ্বারে বারবার ঘুরেও ঋণের টাকা আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে ব্যাংকটি দাঁড়াতেই পারছে না।’ওই দুটি সমিতির কয়েকজন কর্মকর্তা ২০০৯ সালে শৌখিন ফিশারিজ লিমিটেড ও ডাঙ্গা মশিয়াহাটী অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেড নামের দুটি সমিতি গঠন করেন। নতুন দুটি সমিতির পক্ষে ঢাকায় আইসিবিতে প্রায় চার কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হয়। এ পরিপ্রেক্ষিতে চলতি বছরের গোড়ার দিকে সমিতি দুটির নামে দুই কোটি ২২ লাখ টাকার ঋণ অনুমোদন দেয় আইসিবি।আইসিবির ইকুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ফান্ড (ইইএফ) বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অসিত কুমার চক্রবর্তী টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘যশোরের চারটি সমিতিসহ প্রায় ৬০০ সমিতির নামে আমরা সর্বনিম্ন আশি লাখ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ অনুমোদন দিয়েছি। ঋণের টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। আইসিবি শুধু মধ্যস্থতার ভূমিকা পালন করে।’ এজিএম অসিত কুমার আরও বলেন, ‘কোনো সমিতি ঋণের জন্য আবেদন করলে আমরা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ঋণ অনুমোদন দিই। এরপর বাংলাদেশ ব্যাংকের নামে মাছের ঘের বা হ্যাচারির জমি রেজিস্ট্রি ও নামজারি করতে হয়। এসব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার পরই কেবল কোনো সমিতিকে ঋণ দেওয়া হয়।’জানা যায়, আইসিবির অনুমোদনের পর সমিতি দুটির কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের নামে জমি নিবন্ধন ও নামজারির প্রক্রিয়া শুরু করেন। তাঁরা সাব-রেজিস্ট্রারের সই জাল করে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ২৯ একর নয় শতক জমির ছয়টি ভুয়া দলিল তৈরি করেন। শৌখিন ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপক তপন বসুর নামে তিনটি ভুয়া দলিলে ২০ একর নয় শতক ও ডাঙ্গা মশিয়াহাটী অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপক সুষেন মণ্ডলের নামে তিনটি জাল দলিলে নয় একর জমি নিবন্ধনের চেষ্টা করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, এই ২৯ একর নয় শতক জমির প্রকৃত মালিক এলাকার ২৮ ব্যক্তি।উপজেলার মশিয়াহাটী গ্রামের মৃত সন্ধ্যা রানী সরকারকে দাতা বানিয়ে নিবন্ধন করা হয়েছে এক একর ৩২ শতক জমির। ভাটবিলা গ্রামের মৃত রতন চন্দ্র বিশ্বাস ও তাঁর ভাই ভারতে বসবাসকারী প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসকে দাতা দেখিয়ে ৭৪ শতক করে ১৪৮ শতক জমি নিবন্ধন করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মশিয়াহাটী গ্রামের শুকলাল সরকার অভিযোগ করেন, ‘আমি কিছুই জানি না অথচ আমাকে দাতা দেখিয়ে এক একর ১১ শতক জমির জাল দলিল তৈরি করা হয়েছে। এ ঘটনায় আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ওই জমির নামজারির জন্য উপজেলা ভূমি কার্যালয়ে দলিল জমা দেওয়া হয়। সন্দেহ হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) দলিলগুলো যাচাইয়ের জন্য গত ৫ মে উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে পাঠান। ১১ মে সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, দলিলগুলোর নিবন্ধন হয়নি এবং দলিলে ব্যবহূত সিল ও কর্মকর্তার সই জাল। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সহকারী নীহার রঞ্জন বিশ্বাস বাদী হয়ে গত ১৮ জুলাই শৌখিন ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপক তপন কুমার বসু ও ডাঙ্গা মশিয়াহাটী অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপক সুষেন মণ্ডলের বিরুদ্ধে অভয়নগর থানায় দুটি মামলা করেন। অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা ইয়াসমিন বলেন, ‘যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে আমাদের কাছে দলিলগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে।’শৌখিন ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপক তপন কুমার বসু প্রথম আলোকে বলেন, ‘আমি সমিতির ব্যবস্থাপক, এটা ঠিক। তবে আমার নামে জাল দলিল হয়েছে কি না তা জানা নেই।’ডাঙ্গা মশিয়াহাটী অ্যাগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপক সুষেন মণ্ডল বলেন, ‘লোনের (ঋণ) জন্য জমি লিখে দেওয়ার কথা ছিল। এরপর থেকে আমি আর সেভাবে সমিতির সঙ্গে নেই। তবে বিষয়টি আমার কানে আসায় আমি সমিতির পরিচালকের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি।’দলিল লেখক শচীন্দ্রনাথ কবিরাজ বলেন, ‘দলিলগুলোতে লেখক হিসেবে আমার নাম আছে। কিন্তু আমি একটি দলিলও লিখিনি। কম্পিউটারের সাহায্যে এসব জাল দলিল করা হয়েছে।’মামলার তদন্ত কর্মকর্তা ও অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, প্রাথমিক তদন্তে দলিল জালিয়াতির প্রমাণ মিলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন প্রথম আলোকে বলেন, অনেক জাল দলিল তৈরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।