ভুয়া নামে বন্ধ্যকরণ অর্থ আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ভুয়া নামে বন্ধ্যকরণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এই কাজ করছেন বলে জানা গেছে।জেলা পরিবার পরিকল্পনা উপবিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতিতে বন্ধ্যকরণ সেবাগ্রহীতাদের প্রতিজনের জন্য সর্বসাকল্যে এক হাজার ৮৮০ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সেবাগ্রহীতা পান নগদ এক হাজার টাকা ও একটি লুঙ্গি বা শাড়ি। অস্ত্রোপচারকারী চিকিৎসকেরা জনপ্রতি ২০০ টাকা পান। এ ছাড়া এই কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও মাঠকর্মীরা বিভিন্ন হারে অর্থ পেয়ে থাকেন।প্রতি সপ্তাহে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল ও পরিবার পরিকল্পনাকেন্দ্রে এই অস্ত্রোপচার করা হয়ে থাকে। বন্ধ্যকরণের জন্য বিভিন্ন উপজেলায় লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। এই লক্ষ্য মাঠকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।কাজীপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের তালিকা অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি পুরুষ বন্ধ্যকরণে (এনএসবি) ১০ জনের নাম পাওয়া যায়। ওই তালিকা অনুযায়ী টাকাও পরিশোধ করা হয়েছে। একজন টিপসই দিয়ে সবার টাকা তুলে নিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি চিকিৎসক মো. আবদুল লতিফ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সাগরিকা বানু ওই তালিকায় স্বাক্ষর করেছেন। এই তালিকায় সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামের মো. জালাল, মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামের নুরুল ইসলাম ও ইন্তাজ আলী, কুনকুনিয়া গ্রামের শাহ জামাল, ছালাভরা গ্রামের জামাল শেখের নাম আছে। কিন্তু সরেজমিনে ওই ঠিকানায় গিয়ে এ নামে কাউকে পাওয়া যায়নি।গত ১৪ মার্চ একই কর্মকর্তাদের স্বাক্ষরিত একটি তালিকায় ১৬ জনের নাম উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে আজিবর, মোজাহার ও হাবিবুর নামের তিনজনের খোঁজ পাওয়া গেছে। কিন্তু সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাসিন্দা হলেও তাঁদের মনসুরনগর ও নাটুয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা দেখানো হয়েছে। অন্যদের কোনো হদিস পাওয়া যায়নি।সেবাগ্রহীতারা অভিযোগ করেন, প্রথম পর্যায়ে এক হাজার টাকার কথা বলে মাত্র ৭০০ টাকা দেওয়া হয়েছে। প্রতি মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। টাকার জন্যই তাঁরা এ পদ্ধতি গ্রহণ করেছেন বলে জানান।উপবিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই ’০৮ থেকে জুন ’০৯ পর্যন্ত এক বছরে দুই হাজার ছয়জনকে বন্ধ্যকরণ করা হয়। অথচ জুলাই ’০৯ থেকে জানুয়ারি ’১০ পর্যন্ত সাত মাসেই দুই হাজার ১৪০ জনের বন্ধ্যকরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট মাঠকর্মীদের অনেকেই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় কাগজে-কলমে তা পূরণ করে দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানায়, শুধু কাজীপুর নয়, জেলার অন্য উপজেলাতেও একইভাবে লক্ষ্য পূরণ করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে কাজীপুর উপজেলার কয়েকজন পরিবার কল্যাণ সহকারী বলেন, লক্ষ্য পূরণের জন্য অনেক সময় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে তালিকা প্রণয়ন করা হয়। এই টাকা কর্মকর্তারাই ভাগ করে নেন।কাজীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর বলেন, ‘বন্ধ্যকরণের পুরো বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে। আমার কাছে বিস্তারিত তথ্য নেই।’চিকিৎসা কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ভুয়া নাম-ঠিকানা উল্লেখ করার কথা নয়। সুনির্দিষ্টভাবে ভুয়া নামের তালিকা এবং একই টিপসই দিয়ে টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্ত করার পর বিষয়টি জানানো যাবে।সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপবিভাগীয় কর্মকর্তা সুনীল চন্দ্র কর্মকার জানান, ভুয়া নাম ব্যবহার করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।