ভুয়া পরিচয়ে চাকরি, সাত সাব-রেজিস্ট্রার বরখাস্ত
মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে চাকরি নেওয়া সাতজন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন: ফেনীর সোনাগাজীর মতিগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. ওবায়েদ উল্লাহ, নওগাঁর বদলগাছীর মো. শফি হাসান, বগুড়ার মুক্তিওয়ারা খাতুন, দিনাজপুরের চিরিরবন্দরের রামজীবন কুন্ডু, বাগেরহাটের রামপালের মো. ফিরোজ আলম, পিরোজপুরের ভান্ডারিয়ার মো. রফিকুল ইসলাম ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির সাব-রেজিস্ট্রার নাজমা সুলতানা বাবলী। অসদাচরণ ও দুর্নীতির কারণে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃখলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ডি) বিধি মোতাবেক চাকরি থেকে তাঁদের বরখাস্ত করা হয়েছে।বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া পরিচয়ে চাকরি নেওয়া ৩২ জন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়। এ ছাড়া এ রকম নয়জন সাব-রেজিস্ট্রার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন।