মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি
ভুয়া প্রকল্পে ৯৮ টন খাদ্যশস্য আত্মসাৎ!
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ১১টি ভুয়া প্রকল্পে বরাদ্দ বাবদ অন্তত ৯৮ মেট্রিক টন খাদ্যশস্য ও আড়াই লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাবার নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে উত্তোলন করা হয়েছে ৪৫ টন খাদ্যশস্য।এ ছাড়া উপজেলায় দুটি রাস্তা মেরামতের জন্য আট মেট্রিক টন গম ও ছয় লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ হয়েছে খুবই সামান্য। একটি রাস্তা পুনর্নির্মাণের জন্য ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও চাল বিক্রির টাকা দিয়ে একটি খাল ভরাট করা হয়েছে।তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে পাওয়া তথ্য অনুসন্ধান করে এসব দুর্নীতি ও অনিয়ম দেখা গেছে। এর আগে একই রকম তথ্যানুসন্ধান করে দুর্নীতির প্রমাণ মিলেছিল। ওই সব তথ্য নিয়ে গত ৯ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘প্রকল্প কর্মকর্তার দপ্তরেই গেল সাড়ে ২৬ টন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময় টাকা (কাবিটা), টেস্ট রিলিফ (টিআর) ও অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে এসব দুর্নীতি ও অনিয়ম হয়েছে। সাটুরিয়ার নয়টি ইউনিয়নে ২০০৯ থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত তিন অর্থবছরে এক হাজার ১৩৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার ১৫১ মেট্রিক টন খাদ্যশস্য ও তিন কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পাশাপাশি অনেক প্রকল্পের অনুকূলে জেলা পরিষদ থেকেও অর্থ বরাদ্দ করা হয়।সাংসদ-চেয়ারম্যানের বাবার নামে দুর্নীতি: উপজেলার দিঘুলিয়া ইউনিয়নে ‘কর্নেল মালেক উচ্চবিদ্যালয়’-এর উন্নয়ন ও মাঠে মাটি ভরাটের জন্য টিআর প্রকল্প থেকে চলতি অর্থবছরে তিন দফায় ১৬ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয় সাত লাখ টাকা। অথচ কর্নেল মালেক উচ্চবিদ্যালয় নামে দিঘুলিয়ায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।ওই ইউনিয়নে দিঘুলিয়া ইউনিয়ন নিম্নমাধ্যমিক বিদ্যালয় নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, স্থানীয় সাংসদ (মানিকগঞ্জ-৩) জাহিদ মালেক তাঁর বাবা প্রয়াত কর্নেল (অব.) আবদুল মালেকের নামে তাঁদের বিদ্যালয়টির নামকরণ করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন। এখনো নাম অনুমোদন হয়নি। এর পরও কর্নেল মালেক উচ্চবিদ্যালয়ের নামে বিভিন্ন বরাদ্দ আসছে।জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ চোখে পড়লেও বরাদ্দ করা খাদ্যশস্যের কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ তাঁর বাবার নামে এ বছর ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা গ্রামে করেছেন ‘রাইল্যা আবদুল জব্বার পলিটেকনিক ইনস্টিটিউট’। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটির ল্যাবরেটরির উন্নয়নের জন্য ২৩ মেট্রিক টন চাল ও মাঠ ভরাটের জন্য ছয় মেট্রিক টন খাদ্যশস্য উত্তোলন করা হয়েছে। যার মূল্য প্রায় নয় লাখ টাকা। এ ছাড়া ভবন নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে আরও সাড়ে চার লাখ টাকা। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্লাস শুরু হয়নি। রয়েছে শুধু টিনশেডের দুটি ঘর। ওই ঘরের পাশে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।ইনস্টিটিউটের অধ্যক্ষ সানিহুর আক্তার জানান, স্থানীয় অনুদানে সম্ভব না হওয়ায় সরকারি অনুদান দিয়ে প্রতিষ্ঠানটি তৈরি করা হচ্ছে।ভুয়া প্রকল্প: ঘিওর খেলার মাঠ ও পানাইজুরী পুরাতন ঈদগাহ মাঠে মাটি ভরাটের জন্য ২১ টন, দিঘুলিয়া ইউনিয়নের আঙ্গুটিয়া বেসরকারি স্কুলের উন্নয়ন ও আঙ্গুটিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ১১ টন, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত ভবনের সংস্কার ও মাঠে মাটি ভরাটের আট টন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষের উন্নয়নের জন্য পাঁচ টন, ধানকোড়া আদর্শ গ্রাম সমবায় সমিতি ও কমিউনিটি সেন্টারের উন্নয়নের জন্য তিন টন, সাটুরিয়া উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর মেরামতের জন্য তিন টন ও বরাইদ ইউনিয়নে রোকেয়া ইলিয়াস চক্ষু হাসপাতালের জন্য দুই টন খাদ্যশস্য এবং ধানকোড়া ইউনিয়নের কামতা বাসস্ট্যান্ড থেকে বাহির-কামতা আরশেদ ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য দুই লাখ টাকা ও সাটুরিয়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সরেজমিনে ওই সব প্রকল্পের স্থানে গিয়ে কোনো কাজের প্রমাণ মেলেনি। এর মধ্যে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস খান মজলিশের বাড়িতে ‘রোকেয়া ইলিয়াস খান চক্ষু হাসপাতাল’ নামে শুধু একটি সাইনবোর্ড রয়েছে। আঙ্গুটিয়া বেসরকারি স্কুল, আঙ্গুটিয়া উচ্চবিদ্যালয় ও ধানকোড়া আদর্শ গ্রামে সমবায় সমিতির কোনো অস্তিত্ব নেই। কমিউনিটি সেন্টার বলতে পাওয়া যায় ভিটেবিহীন আটটি বাঁশের খুঁটির ওপর জরাজীর্ণ একটি দোচালা টিনের ঘর।সংশ্লিষ্টদের বক্তব্য: খাদ্যশস্য বরাদ্দের বিষয়টি জানেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুদ্দিন আহমেদ, উপজেলা উপখাদ্য পরিদর্শক আবদুল মান্নান ও ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান। সাইফুদ্দিন জানান, হাসপাতালে অস্ত্রোপচার কক্ষের কোনো অনুমোদন নেই।আবদুল মান্নানের জানামতে, গত দুই বছরে খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের কোনো উন্নয়নকাজ হয়নি।খাল ভরাট করে রাস্তা: চলতি অর্থবছরে বরাইদ ইউনিয়নের আগসাভার সালাউদ্দিনের বাড়ি থেকে সাভার বাজার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য ১৭ টন চাল বরাদ্দ করা হয়। টাকার অঙ্কে যার পরিমাণ পাঁচ লাখ ২৭ হাজার টাকা। এই টাকায় রাস্তা পুনর্নির্মাণ না করে প্রবহমান একটি খালের দেড় হাজার ফুট এলাকা দুই থেকে তিন ফুট উঁচু করে মাটি ফেলে ভরাট করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, খালে বছরে চার থেকে পাঁচ মাস পানি থাকত। কিন্তু ভরাট করায় খালের পানি ব্যবহার করা যাচ্ছে না।তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান মজলিশ জানান, জনসাধারণের দাবির কারণেই খাল ভরাট করে রাস্তা করা হয়েছে।কর্তৃপক্ষের বক্তব্য: সাটুরিয়া উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সদ্য বদলি হয়ে যাওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল বাছেদ। তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা না বলে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বললেই সব বুঝতে পারবেন।’চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘গত তিন বছরে কিছু প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকতে পারে। আর যাতে কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’বাবার নামে স্থাপিত প্রতিষ্ঠানে সরকারি অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘উদ্দেশ্য ভালো থাকলে নাম কোনো বিষয় নয়। দুর্নীতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখার বিষয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার বলেন, ‘আমি এখানে নতুন। অতীতের বিষয়গুলো আমার জানা নেই। এখন থেকে যতটা সম্ভব সতর্কতার সঙ্গে বরাদ্দ প্রদানের পাশাপাশি বরাদ্দের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে।’