ভুয়া প্রত্যয়নপত্রে জেলা ছাত্রলীগের সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ধনজিত্ ঘোষ ওরফে তাপস। কমিটি গঠনের আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে দেওয়া নিজের ছাত্রত্বের কাগজপত্রে বলেছেন, তিনি কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগে মাস্টার্সের (প্রিভিয়াস) শিক্ষার্থী। তবে ওই কলেজের অধ্যক্ষ ও ইতিহাস বিভাগের প্রধানের ভাষ্যমতে, ওই নামে মাস্টার্স শ্রেণীতে কোনো ছাত্র নেই। এ ছাড়া তিনি উচ্চমাধ্যমিকও পাস করেননি বলে জানা গেছে। জেলা আওয়ামী লীগের সদস্য সাফিউর রহমান এবং ছাত্রলীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক জাসেম বিন জুম্মন জানান, আট বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন হয় গত ৮ মার্চ। সেই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই দিন কমিটি গঠন করা সম্ভব হয়নি। পরে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে তাঁদের ছাত্রত্বের কাগজপত্র ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় নেতারা ধনজিত্ ঘোষ ওরফে তাপসকে সভাপতি ও ফখরুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনয়ন দিয়ে কমিটি ঘোষণা করেন। জানা যায়, ধনজিত্ ঘোষ আবেদনপত্রের সঙ্গে তাঁর উচ্চমাধ্যমিক পাসের সত্যায়িত সনদসহ বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সংযুক্ত করেন। সেখানে তিনি কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগে মাস্টার্স (প্রিভিয়াস) শ্রেণীতে অধ্যয়নরত বলে উল্লেখ করেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সন্দেহ হলে তাঁরা কারমাইকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ ব্যাপারে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রধান হোসনে আরা বলেন, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রিভিয়াস) শ্রেণীতে ধনজিত্ ঘোষ নামের কোনো শিক্ষার্থী নেই। কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ধনজিত্ ঘোষের অধ্যয়ন সম্পর্কিত প্রত্যয়নপত্র কলেজ থেকে ইস্যু করা হয়নি। সেখানে আমার সই জাল করা হয়েছে। ধনজিত্ ঘোষ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে করা আবেদনপত্রের সঙ্গে উচ্চমাধ্যমিক শ্রেণীর সনদের সত্যায়িত কপিও সংযুক্ত করেছেন। সেখানে শহরের মাহিগঞ্জ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন বলে তিনি উল্লেখ করেন। তবে ওই কলেজের অধ্যক্ষ রবিউল হক সরকার বলেন, ধনজিত্ ঘোষ কলেজে ভর্তি হয়ে পর পর দুবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন। এ ব্যাপারে ধনজিত্ ঘোষ প্রথম আলোকে বলেন, আমি ছাত্রত্বের ভুয়া কাগজপত্র জমা দেইনি। কোথায় পড়াশোনা করছেন প্রশ্নে তিনি বলেন, আমি কারমাইকেল কলেজে মাস্টার্সের (প্রিভিয়াস) ছাত্র ছিলাম। জেলা ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক ফখরুল হাসান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ধনজিত্ ঘোষকে রংপুর জেলা কমিটির সভাপতি ঘোষণা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এত কাগজপত্র ছিল যে তা খতিয়ে দেখা সম্ভব হয়নি।