ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা রাতভর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার তৎপরতায় নেমেছিল সংঘবদ্ধ একটি চক্র। এরা পরীক্ষার আগের রাতকেই মোক্ষম সময় হিসেবে বেছে নেয়। কিন্তু র‌্যাব ও গোয়েন্দা সংস্থা এ খবর আগেই জেনে যায়। ধরা পড়ে এই চক্রের ৬০ জন।র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করেন। এদের ২০ জনকে গতকাল গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় আছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী। আরও আছেন মেডিকেলের ছাত্র ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এঁদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির আট লাখ ২৬ হাজার টাকা, ২৯টি মুঠোফোন ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব থাকলেও গতকাল শুক্রবার সারা দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়।র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা প্রশ্নপত্রের সঙ্গে গতকাল অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি।এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের ছাপাখানা থেকে ১৩ সেপ্টেম্বর গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় এক শ্রমিক ধরা পড়ার পর পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। পরে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুর রহমান (৪৭) এবং ওই ছাপাখানার কারিগর এস এম আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করে।যেভাবে অভিযান শুরু: সূত্র জানায়, প্রশ্নপত্রসহ ছাপাখানার শ্রমিক গ্রেপ্তার এবং বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের গুজবের পর পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার ওপর গুরুত্ব দেয় সরকার। এ জন্য ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে এ কমিটির সদস্যরা ভর্তি পরীক্ষা তদারক করেন।র‌্যাবের কর্মকর্তারা জানান, ছাপাখানার শ্রমিক গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার নামে প্রতারণা শুরু করে। এ জন্য পরীক্ষার আগের রাতটাকেই তারা টার্গেট করে। এ চক্রটি গত বৃহস্পতিবার রাতভর পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বিভ্রান্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেল থেকেই প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর সারা শহরে এ গুজব ছড়িয়ে যায়। একপর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও অভিযান শুরু করেন। প্রাথমিক খোঁজখবর নিয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন, ঢাকা মেডিকেলের ছাত্র শহিদুজ্জামান শাহেদ এ তৎপরতার সঙ্গে জড়িত। ধানমন্ডি ২৭ নম্বরের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে আটক করা হয়। শাহেদকে আটক করেই হতবাক হয়ে যান কর্মকর্তারা। তাঁরা দেখেন, মাত্র ৫০ মিনিটে শাহেদের ফোনে ৫৩টি মিসড কল এসেছে। সব ফোনই প্রশ্নপত্র-সংক্রান্ত। শাহেদ কয়েকজন চিকিৎসকের নামও বলেছেন। এরপর শাহেদকে দিয়েই অন্যদের ধরার ফাঁদ পাতা হয়।সংবাদ সম্মেলন: প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর শেরেবাংলা নগরের র‌্যাব-২-এর কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‌্যাব-২ ও ৩-এর পরিচালক ও গোয়েন্দা শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন।সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, বৃহস্পতিবার রাত থেকে দুটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় র‌্যাব রাজধানীর খিলগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁওয়ের তালতলায় অভিযান চালায়। এসব এলাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা লেনদেনের সময় ৬০ জনকে আটক করা হয়। এরা ১০-১২টি চক্রের সঙ্গে জড়িত। এদের মধ্যে ৪০ জন পরীক্ষার্থী ও অভিভাবককে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের মামলায় সাক্ষী করা হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে খিলগাঁওয়ের এমএ কোচিং সেন্টার থেকে মেডিকেল কলেজের ভুয়া প্রশ্নপত্র ফাঁস হয়। এর মালিক মনসুর আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।এম সোহায়েল বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীতে এমবিবিএস প্রশ্নপত্র বিক্রির হিড়িক পড়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন কমিউনিটি সেন্টার ও বাসাবাড়িতে প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ শুরু করেন। প্রতারক চক্র পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ১০ লাখ টাকা চুক্তিতে প্রশ্নপত্র দিতে রাজি হয়। সে ক্ষেত্রে তারা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে অগ্রিম দুই লাখ টাকা এবং তাঁদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল সনদ জমা নেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেককে আট লাখ টাকা দিয়ে সনদ ফেরত নিতে হবে বলে প্রতারকেরা শর্ত জুড়ে দেয়।র‌্যাবের সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের সদস্যদের আনা হয়। প্রতারিত পরীক্ষার্থী ও অভিভাবকদের এর আগেই সংবাদ সম্মেলনস্থলে হাজির করা হয়। ভুয়া প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে জড়িত তৌহিদুল ইসলাম র‌্যাবের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। একটি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে গিয়ে মানস দেব নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয়। খিলগাঁওয়ের কোচিং সেন্টারের পরিচালক মনসুর আহমেদ তাঁর পরিচিত। মানসের বোন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবেন। তিনি তাঁর বোনকে পাস করানোর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। এরপর তিনি কোচিং সেন্টারের মালিক মনসুর আহমেদের কাছ থেকে মানসকে একটি প্রশ্ন এনে দেন। এ ঘটনার জন্য তিনি নন, দায়ী হলেন মনসুর। মানস বলেন, তিনি রংপুরের বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল নামের এক প্রতিষ্ঠানে চাকরি করেন।গতকাল বিকেলে খিলগাঁও এলাকায় ওই কোচিং সেন্টারে গিয়ে কাউকে পাওয়া যায়নি।র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জসিমউদ্দিন বলেন, তিনি নিজে জমি বেচাকেনার ব্যবসায় জড়িত। তাঁর বন্ধু তারিকুল ইসলাম তাঁকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এনে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন। জসিমউদ্দিন বলেন, ‘বিভিন্ন প্রাক-নির্বাচনীর (মডেল টেস্ট) প্রশ্ন থেকে আমি একটি প্রশ্নপত্র বানাইয়া দিছি। এ জন্য তারিকুলের কাছ থেকে দুই লাখ টাকা নিছি। সেই প্রশ্নপত্র তারিকুল বাইরে বিক্রি করে।’তারিকুল বলেন, মিরপুরের প্রিন্স বাজারের সামনে থেকে জসিমের কাছ থেকে প্রশ্নপত্র কেনেন তিনি। জসিমের কাছ থেকে প্রশ্নপত্র কিনে তিনি ঠকেছেন। এরপর সেই প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে টাকা নেন।গ্রেপ্তার হওয়া মোতাহার হোসেন জানান, তাঁর ভাগনেসহ দুজনের জন্য জসিমের কাছ প্রশ্নপত্র চাইলেও তিনি আরও পরীক্ষার্থী চাইছিলেন। পরে জসিমের চালক ওবায়দুলকে ৭০ হাজার টাকা দিয়ে তিনি প্রশ্ন কেনেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ফিরোজ-উল হাসান বলেন, তারিকুল তাঁর বিশ্ববিদ্যালয় পড়ার সময়ের বন্ধু। সময় পেলেই তিনি তারিকুলের বাসায় আসেন। বৃহস্পতিবার রাতেও তারিকুলের বাসায় আসেন। সেখান থেকে র‌্যাব সদস্যরা তাঁকে আটক করেন। তিনি প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে জড়িত নন বলে জানান।ফিরোজ-উল হাসানের ভাই চিকিৎসক এ এস এম ফরহাদ-উল হাসান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি বন্ধুর বাসায় বেড়াতে এলে সেই বাসা থেকে র‌্যাব তাঁকে আটক করে। র‌্যাব কর্মকর্তারা বলেন, ওই শিক্ষককে তারিকুলের বাসায় পেয়ে গ্রেপ্তার করা হয়।শিক্ষানবিশ দন্ত চিকিৎসক মঞ্জুর আলম বলেন, রাতে তিনি বন্ধুর বাসায় যাচ্ছিলেন। ধানমন্ডি থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। তিনি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত নন বলে জানান।খিলগাঁওয়ে মঞ্জুরের বাসায় গেলে তাঁর বোন সুমী প্রথম আলোকে বলেন, তাঁর ভাই জাতীয় সামাজিক রোগ প্রতিষেধক চিকিৎসাপ্রতিষ্ঠানে (নিপসম) চাকরি করেন। রাতে তিনি বন্ধুর বাসায় যাচ্ছিলেন। গ্রেপ্তারের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না বলে জানান।পরীক্ষার্থী ও অভিভাবকেরা যা বলেন: র‌্যাব-২-এর কার্যালয়ে অরিন্দম নামের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনে পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১২টায় খবর আসে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ খবর শুনে তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন ছেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার আশঙ্কায়। এরপর তিনি ও তাঁর স্ত্রীসহ অন্যদের কাছ থেকে টাকা ধার নিয়ে প্রশ্নপত্র কিনতে যান। কিন্তু প্রশ্ন না দিয়ে খিলগাঁওয়ে এমএ কোচিং সেন্টার তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এর পর থেকে তিনি র‌্যাবের হেফাজতে।রাতে যোগাযোগ করা হলে অরিন্দমের স্ত্রী বলেন, তাঁর স্বামী তো টাকা নিয়ে প্রশ্ন কিনতে গিয়েছেন। তিনি তো কোনো দোষ করেননি। তাঁকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না!এক পরীক্ষার্থীর মা ফাহমিদা হারুন প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে বনশ্রী প্রগ্রেসিভ কোচিং সেন্টারে পড়ত। কোচিং সেন্টারের মালিক আনিসুল ইসলাম রাতে ফোন করে তাঁকে বলেন, তাঁর মেয়েকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে পারেন ১০ লাখ টাকার বিনিময়ে। উত্তীর্ণ হওয়ার পর টাকা দিলেই চলবে। এরপর তাঁরা বনশ্রী প্রগ্রেসিভ কোচিং সেন্টারে যান। সেখানে তাঁর মতো আরও অনেক পরীক্ষার্থী ও অভিভাবক ছিলেন। প্রশ্নপত্র দেবে-দিচ্ছে বলে গভীর রাত পার করে। একপর্যায়ে র‌্যাব এসে সবাইকে আটক করে নিয়ে যায়।পরীক্ষার্থী তুহিন জানান, তিনি মিরপুর ১০ নম্বরে জাহিদ নামের এক ব্যক্তির কাছে কোচিং করতেন। রাতে জাহিদ ফোন করে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে খিলগাঁও উড়ালসেতুর পাশে যেতে বলেন। সেখান থেকে এক ব্যক্তি তাঁকে একটি কোচিং সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রশ্নপত্র নিতে ছয় লাখ টাকা চুক্তি হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে র‌্যাব তাঁকে আটক করে।পরীক্ষার্থী মো. রাব্বী জানান, প্রশ্নপত্র দেওয়ার কথা বলে তাঁকে শ্যামলী ওভারব্রিজের পাশে যেতে বলা হয়। পাঁচ লাখ টাকা চুক্তিতে প্রশ্ন দেওয়ার কথা বলে অন্যদের সঙ্গে তাঁকে একটি ঘরে রাখা হয়। প্রশ্ন হাতে পাওয়ার আগে র‌্যাব তাঁদের আটক করে।গ্রেপ্তার হলেন যাঁরা: সাবেক ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ফিরোজ-উল হাসান, জমি কেনাবেচায় জড়িত জসিমউদ্দিন, বনশ্রী কোচিং সেন্টারের মালিক আনিসুল ইসলাম, এমএ কোচিং সেন্টারের মালিকের পরিচিত তৌহিদুল ইসলাম, রাজস্ব বোর্ডের কর্মচারী মানস দেব, শিক্ষানবিশ দন্ত চিকিৎসক মঞ্জুর আলম, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জুয়েল আহমেদ, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আশরাফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্র এমিল, মুঠোফোন ব্যবসায়ী নুরন্নবী, মিরপুর বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আমিনুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র শহীদুজ্জামান, দৈনিক অর্থনীতির ময়মনসিংহ জেলা প্রতিনিধি তানভীর আহমেদ, জনৈক শহীদুল ইসলাম, দাজমুল পারভেজ, মোতাহার হোসেন, হাবিবুর রহমান, মো. লিয়ন ও তৌহিদুল ইসলাম।