ভুয়া লাইসেন্সে গাড়ি চালানোয় ৯ চালক-মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া লাইসেন্স দিয়ে প্রাইভেট গাড়ি চালানোর দায়ে চালক ও মালিককে জরিমানা শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট নয়জন চালক ও সংশ্লিষ্ট গাড়ির মালিককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন। মানিক মিয়া এভিনিউয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ২০০ গাড়ির চালকের লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে নয়জন চালকের লাইসেন্স ভুয়া ছিল। মোটরযান আইন অনুযায়ী চালক ও মালিক উভয়কেই জরিমানা করা হয়েছে। মোটরযান আইন, ১৯৮৩-এ লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালালে চালক ও মালিক—উভয়েরই শাস্তির বিধান আছে। আইনের ১৩৮ ধারায় বলা হয়েছে, ‘লাইসেন্স ছাড়া কেউ মোটরযান বা যাত্রীবাহী মোটরযান চালাইলে বা চালনা করতে দিলে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’বিআরটিএ গত ১ আগস্ট লাইসেন্স ছাড়া গাড়ি না চালাতে এবং চালানোর জন্য অনুমতি না দিতে নির্দেশনা জারি করেছে।ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাদণ্ডের বিধান থাকলেও এখনই তা প্রয়োগ করছেন না। এখন শুধু জরিমানা করা হচ্ছে। পর্যায়ক্রমে কারাদণ্ডও দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভুয়া লাইসেন্স নিয়ে যেসব চালক গাড়ি চালাচ্ছিলেন, সেগুলোর কয়েকটিতে মালিক ছিলেন। কয়েকটি চালক একাই চালাচ্ছিলেন। যেসব গাড়িতে মালিক ছিলেন, তাঁদের চালকের সঙ্গে তাত্ক্ষণিক জরিমানা গুণতে হয়েছে। যেসব গাড়িতে চালক ছিলেন না, সেগুলোর মালিককে খবর দিয়ে এনে জরিমানা আদায় করা হয়েছে। আদালতের একজন কর্মকর্তা বলেন, নয়টি গাড়ির মধ্যে একটিতে মালিক ছিলেন এক নারী। তিনি আদালতকে বলেন, তাঁর গাড়ির চালকের লাইসেন্স যে ভুয়া তিনি জানতেন না। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জরিমানা পরিশোধ করেন। অবশ্য দু-একজন মালিক জরিমানা দিতে গড়িমসি করেন বলে ওই কর্মকর্তা জানান। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান চালক নিয়োগ দেওয়ার আগে লাইসেন্স সঠিক কি না, তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান। আজ রাতে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, বিআরটিএতে বিনামূল্যে লাইসেন্সের সত্যতা যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। যে কেউ এই সুযোগ নিতে পারেন।