ভুয়াপুরে কালীমন্দিরের প্রতিমায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদায় পেট্রল ঢেলে শতাধিক বছরের পুরোনো সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করে।মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত জানান, ফলদা বাজারের কাছে কালীমন্দির অবস্থিত। রাত একটার দিকে বাজারের ব্যবসায়ীরা মন্দিরের প্রায় ১৬ ফুট দীর্ঘ কালী প্রতিমায় আগুন দেখতে পান। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী মধুপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই আশপাশের এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরের সামনে জড়ো হয়। সকালে ভুয়াপুর উপজেলা পরিষদে বিক্ষোভ মিছিল করে দুর্বৃত্তদের শাস্তি দাবি করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়াম্যান শামছুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন খান ও ভুয়াপুর পৌরসভার মেয়র মাছুদুল হক বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তৃতা করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছ আলী জানান, রাতেই আশপাশের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। আসাদ সরকার নামের এক যুবককে আটক করা হয়। স্থানীয় কলেজশিক্ষক গোপীনাথ দত্ত বলেন, এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অতঙ্ক ছড়ানোর জন্যই এ কাজ করা হয়েছে।