ভূগর্ভস্থ ইউরেনিয়াম প্ল্যান্ট চালু করেছে ইরান
পাহাড়ের নিচে সুরক্ষিত ফোরদো কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে ইরান। তেহরানে ইরানের এক কর্মকর্তা ও ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।সিআইএর পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে তেহরানের একটি আদালতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান এবং ফোরদো কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরুর ঘটনায় পশ্চিমাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনা ইরানের বিরুদ্ধে আরও অবরোধ বা যুদ্ধের মতো পদক্ষেপ নেওয়ার বিষয়টি উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইরান শিয়া মুসলমানদের পবিত্র শহর কুমের কাছে ফোরদো ভূগর্ভস্থ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে বলে তেহরানে এক কর্মকর্তা গতকাল সোমবার নিশ্চিত করেন।আইএইএ গতকাল সোমবার নিশ্চিত করে জানিয়েছে, ফোরদো কেন্দ্রে ইরান ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। সেখানকার সব ধরনের আণবিক উপকরণ তাদের পর্যবেক্ষণে আছে।এ-সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বলেছে, ফোরদো কেন্দ্রে ইরান যদি ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করে, তবে তা হবে জাতিসংঘের প্রস্তাবনার লঙ্ঘন।ইরান প্রথম থেকেই বলে আসছে, তাদের পরমাণু কার্যক্রমের উদ্দেশ্য শান্তিপূর্ণ। তবে পশ্চিমাদের অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির জন্যই তেহরান এটা করছে।কূটনৈতিকদের ধারণা, ইরান তাদের ইউরেনিয়ামের বড় একটি অংশ এ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাবে। পাহাড়ের নিচে অবস্থিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার ক্ষেত্রেও সেটি নিরাপদ থাকবে।এদিকে ফ্রান্স জানিয়েছে, গতকাল তেহরান থেকে তারা তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে। এর আগে তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলার পর ইউরোপীয় দেশগুলো ইরান থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়।