ভূপেন হাজারিকা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। আজ শনিবার সন্ধ্যায় তিনি মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভূপেন হাজারিকার বয়স হয়েছিল ৮৫ বছর।ভূপেন হাজারিকা শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। পাঁচ মাস ধরে তিনি মুম্বাইয়ের হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। গত মঙ্গলবার তাঁর ডায়ালাইসিস হলেও তাতে কোনো লাভ হয়নি। ডায়ালাইসিসেও সাড়া দিচ্ছিল না তাঁর শরীর। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শেষ সময়ে পাশে ছিলেন তাঁর দীর্ঘ দিনের সঙ্গী কল্পনা লাজমি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরই ভূপেন হাজারিকার অবস্থার অবনতি হতে থাকে। সে সময় তাঁর দেহে ছোটখাটো অস্ত্রপচারও করা হয়। গত ২৯ জুন থেকে তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। মাত্র ১২ বছর বয়সে তিনি অসমিয়া ছবিতে গান করেন। অসমিয়া এই শিল্পী নিজ গুনে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক জগতের অগ্রদূত হয়ে উঠেছিলেন। শিক্ষাজীবনে ১৯৪৬ সালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ভূপেন হাজারিকা একাধারে ছিলেন গায়ক, কবি, সাংবাদিক ও লেখক। অসমিয়া ভাষা বাদেও তিনি বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় গান করেছেন। ভূপেন হাজারিকা তাঁর এই বর্ণাঢ্য জীবনে পদ্মভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৯ সালে আসামের প্রধান সফর গুয়াহাটির কেন্দ্রস্থলে তাঁর মূর্তি বসানো হয়। তিনি এই মূর্তির আনুষ্ঠানিক পর্দা উন্মোচন করেছিলেন।