ভূমধ্যসাগরে ইথিওপীয় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ,১৪টি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইথিওপিয়ার একটি যাত্রীবাহী বিমান আজ সোমবার ৮৩ জন যাত্রী ও নয়জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৈরুত ছেড়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাচ্ছিল। তবে এ দুর্ঘটনায় এখনো কেউ বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লেবাননের পরিবহনমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির বৈরুত প্রতিনিধি জানান, উদ্ধার অভিযান চলছে।বিবিসি অনলাইনে দেওয়া খবরে আরও জানা যায়, প্রত্যক্ষদর্শীরা জানায় বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটিকে আকাশে আগুনের একটি গোলার মতো দেখায়। বিমানটির যাত্রীদের মধ্যে বেশির ভাগই ছিল ইথিওপীয় নাগরিক। এ ছাড়া ছিল ৫০ জনের মতো লেবানিজ। উল্লেখ্য, হাজার হাজার ইথিওপীয় নাগরিক লেবাননে গৃহকর্মীর কাজ করে।