ভূমি অধিগ্রহণের বাকি টাকা প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অবকাঠামো খাতের পাওনাসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আশপাশের ক্ষতিগ্রস্ত গ্রামবাসী আজ সোমবার থেকে পাঁচ দিনের অবস্থান ধর্মঘট শুরু করেছে।বেলা একটায় ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে কয়লাখনির প্রশাসনিক ভবনের ফটকের সামনে গ্রামবাসীরা এ ধর্মঘট শুরু করেন।আন্দোলনরত বাসিন্দাদের ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত মানুষজনের ভূমি অধিগ্রহণ, অবকাঠামো, ক্ষুদ্র ব্যবসায়ী, ভূমিহীনসহ আনুষঙ্গিক বিষয়ে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ওই বরাদ্দের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকজন মাত্র ১১২ কোটি টাকা পেয়েছেন। বাকি টাকা দিতে প্রশাসন গড়িমসি করছে।এলাকার অনেক মানুষ এখনো ভূমি অধিগ্রহণের পুরো টাকা পায়নি বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, তালিকাভুক্ত ৩১৮টি ভূমিহীন পরিবারের মধ্যে এখনো ১৬২টি পরিবারকে টাকা দেওয়া হয়নি। অধিগ্রহণের পুরো টাকা না দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উচ্ছেদ করার চক্রান্ত চলছে।‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, ঝড়-বৃষ্টিতে প্রতিদিন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। এখনো অবকাঠামো খাতের টাকা দেওয়া হচ্ছে না। অনেককে ভূমি অধিগ্রহণের টাকাও দেওয়া হয়নি। কিছু জমির মালিককে আইনি জটিলতা তৈরি করে হয়রানি করা হচ্ছে। শিগগির ক্ষতিগ্রস্ত লোকজনের পাওনা টাকা পরিশোধ করা না হলে খনির কয়লা তোলা বন্ধ করে দেওয়াসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।এ বিয়য়ে জানতে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।