ভূমি অধিদপ্তরের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খতিয়ান বই না ছেপে বিল তোলা এবং ক্ষমতার অপব্যবহার করে বিল তুলতে সাহায্য করার অভিযোগে ভূমি অধিদপ্তরের তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় বলা হয়, উল্লিখিত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সরকারি ছয় কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৩২০ টাকা আত্মসাত্ ও সরকারের ক্ষতিসাধন করেছেন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. শামসুল আলম, অধিদপ্তরের সাবেক কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব (ওএসডি) মো. জিয়াউদ্দিন আহমেদ, সাবেক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তির মাধ্যমে মহাপরিচালক-১ এর ব্যক্তিগত কর্মকর্তা বিলাশচন্দ্র হাওলাদার ও ঠিকাদার মাহমুদুর রহমান।মামলার এজাহারে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওই সাবেক কর্মকর্তা-কর্মচারীরা সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিপিসি-পিভিএএস কনসোর্টিয়ামকে খতিয়ান বই ছাপানোর কাজ দেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান কাজ না করেই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সহায়তায় পুরো অর্থ ছাড় করিয়ে নেন।