ভূমি অফিসের জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের জমি বেদখল হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অফিসের ৯৯ শতাংশ জমির ৫৪ শতাংশ প্রভাবশালী একটি মহল দখল নিয়ে সেখানে ইসলামি ট্রাস্ট মিশন নামের একটি সাইনবোর্ড দিয়ে টিনশেডের ঘর তুলেছে। অফিসটি বন্ধ থাকায় ওই ট্রাস্টের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।৩ মার্চ সরেজমিনে দেখা যায়, একটি আধা পাকা ভাঙা ঘরে বসে কাজ করছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজওয়ান হোসেন ও এমএলএসএস লেবু সরকার। ওই ভবনের পাশে রয়েছে একটি ভাঙাচোরা অব্যবহূত ঘর। যে ঘরে এখন কাজ চলছে, এর ছাদ নেই, দরজা-জানালাও ভাঙা। নেই প্রয়োজনীয় আসবাবপত্র। ফলে একটি কাঠের রেকে এলামেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে মূল্যবান কাগজপত্র।এলাকাবাসীর অভিযোগ, এখানে পরচাসহ প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায়, তার জন্য এমএলএসএস লেবুকে খুশি করতে হয়।এমএলএসএস লেবু মিয়া স্থানীয় হওয়ায় তাঁর বিরুদ্ধে কথা বললেও নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে এলাকাবাসী। মুক্তিযোদ্ধা আ. জলিল বলেন, ‘এঠে ১০ টাকার কাম কইরলে ১০০ টাকা দিবার নাগে। লেবু কয় তহসিলদার কায় এখানে আমিই সব।’আ. জলিল ভূমি ইউনিয়ন সহকারী রেজওয়ানের বিরুদ্ধেও অভিযোগ করেন, ‘তিনি এর আগে যখন এখানে কর্মরত ছিলেন, তখন ৪০০-৫০০ টাকা নিয়ে আমাকে খাসজমিতে বাড়ি করার অনুমতি দিয়ে ওই জমি না দিয়ে অন্য জায়গায়, দিনাজপুর-সীমানা বরাবর একটা জমির ডিসিআর দিয়েছেন। আমি যে জমিতে বাড়ি করছি, সেটার বন্দোবস্ত এখনো পাইনি। অ্যাসি ল্যান্ড সাহেবকে বলেছি, তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে লেবু মিয়ার ব্যাপারে তদন্ত দাবি করেছে।এ ব্যাপারে কথা বললে লেবু মিয়া তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এমএলএসএসের চাকরি করি। আমার বসার মতো একটা চেয়ারও নেই। এলাকার কিছু স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করতে পারে। এর কোনো প্রমাণ বা সত্যতা তারা দেখাতে পারবে না।’এ ব্যাপারে কথা বললে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজওয়ান হোসেন তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, তিনি এ মাসে এ অফিসে যোগদান করেছেন। তবে তিনি ভূমি অফিসের জমি বেদখল হওয়ার কথা স্বীকার করে বলেন, এই অফিসের মোট জমির পরিমাণ ৯৯ শতাংশ। এর মধ্যে তাঁদের দখলে আছে ৪৫ শতাংশ, বাকি জমি অন্য লোক দাবি করে দখল নিয়ে সেখানে ইসলামি মিশন ট্রাস্ট নামে একটি অফিস করেছে। অফিসটি মাঝেমধ্যে খোলা হয়। তবে বেশির ভাগ সময় বন্ধ থাকে। সেখানে কী হয় তাও জানেন না তিনি। রেজওয়ান বলেন, ‘আমরা আমাদের ভূমি অফিসের জমি উদ্ধারের জন্য মামলা করেছি, মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে।’তিনি আরও বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এখানে টিআর প্রকল্পের একটা বাজেট নিয়ে অফিসের ছাদ, (বাঁশের তৈরি) জানালা, দরজা সংস্কারের কাজ করব।’ এ ছাড়া প্রয়োজনীয় আসবাবপত্রের স্বল্পতার কথাও জানান তিনি।টাকা-পয়সা নেওয়ার বা লোকজনকে হয়রানি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি, এখানে লোকজন আসে তাদের জমির কাগজপত্র দেখতে। দেখার পর কেউ কেউ খুশি হয়ে চা খাওয়ায়। টাকা-পয়সা নেওয়ার অভিযোগ ঠিক নয়।’