ভূমি অফিসের ভুতুড়ে দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে বিরামপুর উপজেলার ৫ নম্বর জোতবানি ইউনিয়নের একইর ভূমি কার্যালয় ভবনে ফাটল ধরেছে। বর্ষায় বৃষ্টির পানি আর শীতের স্যাঁতসেতে আবহাওয়ায় এলাকার হাজার হাজার একর জমির মূল্যবান দলিল নষ্ট হতে বসেছে। ফাটল ধরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২৯ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন ভূমি কার্যালয়টির ছাদের পলস্তারা ঝরঝর করে খুলে যত্রতত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে ধরেছে অসংখ্য ফাটল। ফাটলে জমাটবাঁধা শ্যাওলা থেকে উঁকি দিচ্ছে বিভিন্ন চারাগাছের নতুন পাতা। ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান আলী জানান, মাঝেমধ্যেই ছাদ থেকে পলস্তারা খসে পড়ে কর্মচারী-কর্মকর্তাদের গায়ে। খাজনা-খারিজ করতে আসা গ্রামবাসীর গায়েও একাধিকবার এ রকম পলস্তারা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। জানালা ও দরজার অবস্থা খুবই নাজুক। ঝড়-বৃষ্টির সময় নিজেদের পকেটের টাকা খরচ করে পলিথিন কিনে জমির মূল্যবান কাগজপত্র ঢেকে দেওয়া হয়। অফিসের কর্মকর্তা ভূমি উপ-সহকারী তাহসিন আলী বলেন, বিদ্যুত্ সংযোগ না থাকায় গ্রীষ্মকালে কর্মকর্তা-কর্মচারীদের অসহনীয় কষ্টের মধ্যে কাজ করতে হয়। সকালে বা বিকেলে বিশেষ করে মেঘলা বা কুয়াশাভরা আকাশে হারিকেন বা মোমবাতি জ্বালিয়ে কাজ করতে হয়। ভালো করে দেখতে না পাওয়ায় অনেক সময় ভুল লেখা হয়। এক বছর আগে ভূমি অফিসের বিদ্যুত্ সংযোগ ও সংস্কারকাজের জন্য গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী এসেছিলেন। দেখে গেছেন। তারপর আর কোনো খবর নেই। তা ছাড়া ভূমিসংক্রান্ত মূল্যবান কাগজপত্র সংরক্ষণের নিরাপদ স্থান না থাকায় সেগুলো খোয়া যাওয়ার আশঙ্কাও সব সময় আমাদের মধ্যে কাজ করে। এসব দুরবস্থার কথা বহুবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। কোনো কাজ হয়নি। তা ছাড়া দীর্ঘ ১৫ বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) পদে কোনো কর্মকর্তা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান একইর ইউনিয়ন ভূমি অফিসের দুর্দশার কথা স্বীকার করে বলেন, অতি অল্প সময়ের মধ্যে ভবনটির ভগ্নদশা দূর করার ব্যবস্থা করা হবে।