ভূমি অফিসের ভূমি বেহাত
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে উপজেলা ভূমি অফিসের কোটি টাকার ভূমি বেহাত হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক সরকারি ভূমি দখল করে নিয়েছে। সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে রমরমা ব্যবসা চালিয়ে গেলেও স্থানীয় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে রহস্যজনকভাবে নীরব রয়েছে।ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে উপজেলা ভূমি ও ইউনিয়ন তফসিল অফিস অবস্থিত। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ছত্তিশ মৌজা জেএল নং ৬, দাগ নং ১০০২-এর প্রায় আড়াই একর ভূমি উপজেলা ভূমি অফিসের মালিকানাধীন। কিন্তু ইতিমধ্যে এর প্রায় ৫৭ শতক জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছে। সরকারি কোটি টাকার সম্পত্তির ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলকারীরা দীর্ঘদিন থেকে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।২০০২ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখে বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায় প্রায় ৫৭ শতক সরকারি ভূমি। দখলবাজদের অবৈধ স্থাপনা নির্মাণের কারণে উপজেলা ভূমি অফিসের প্রবেশমুখ এতই সংকুচিত করা হয়েছে যে উপজেলা ভূমি অফিসে ভূমিসংক্রান্ত সমস্যা নিয়ে ভুক্তভোগীদের যানবাহন নিয়ে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। ভুক্তভোগী কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি অফিসের প্রাঙ্গণ দখল হয়ে হয়ে যাওয়ায় ভূমি অফিসের প্রবেশমুখ সংকুচিত হয়ে গেছে। সরকারি কোটি কোটি টাকার সম্পত্তি রক্ষা করার যেন কেউ নেই। নদীপথে চলাচলকারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত যাত্রীছাউনির সামনে অবৈধ স্থাপনা নির্মাণ করায় যাত্রীছাউনিও আড়ালে পড়ে গেছে।নৌপথে চলাচলকারী যাত্রী মুজিবুর রহমান বলেন, প্রতিদিন শত শত মানুষ নৌকায় এ পথে চলাচল করে। যাত্রীদের সুবিধার্থে নির্মিত সিঁড়িঘাটের ওপর অংশও দখল হয়ে গেছে। এটা যেন মগের মুল্লুক।স্থানীয় বাসিন্দা কাদির মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করা অবস্থায় কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখল হয়ে যায়। অথচ তিনি কোনো ব্যবস্থা নেন না, এটা কেমন কথা? ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, এটা ঠিক সরকারি জমি স্থানীয় বাসিন্দারা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। নদীপথে চলাচলকারী লোকজন চলাচলে এসব অবৈধ স্থাপনা সমস্যা সৃষ্টি করছে বলে অভিযোগ করে। এসব অবৈধ স্থাপনা অপসারণে আগামী আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করবেন বলে তিনি জানান। এদিকে, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে কুশিয়ারা নদী ও বুড়িকিয়ারি বিলের সংযোগস্থলটি মাটি ভরাট হয়ে বিরাট চর জেগে উঠেছে। সরকারি খাস এ ভূমির ওপর এলাকার ভূমিখেকোদের লুলুপ দৃষ্টি পড়েছে। জেগে ওঠা চর ফেঞ্চুগঞ্জ বাজারের কাছে হওয়ায় ইতিমধ্যে এলাকার লোকজন দোকানঘর নির্মাণ করে তা দখল করে নিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলা ভূমি অফিসের ৫৭ শতক ভূমি অবৈধভাবে দখল করে নিয়েছেন সেজু মিয়া, ফরমান আলী, রেখাত মিয়া, জামান মিয়া, দুলাল মিয়া, শরিফ মিয়া, সুজন মিয়া, সুহেল মিয়া, সাদিক মিয়া, ইয়াকুব মিয়া, লালন মিয়া, হারুণ মিয়া, দুলাল মিয়া, মিনার আলী, আফজল মিয়া প্রমুখ। এরা সবাই সরকারি ভূমি দখল করে চা স্টল, মুদি দোকান থেকে শুরু করে নানা রকম দোকানপাঠ নির্মাণ করেছেন। সরকারি ভূমি দখল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সেজু মিয়া বলেন, খালি জায়গা পাইছি, চা স্টল দিছি। বৈধ-অবৈধ বুঝি না, প্রয়োজন তাই জায়গা নিছি।চা বিক্রেতা ফরমান আলীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। সবচেয়ে বড় ভূমি দখলের ঘটনা ঘটেছে কুশিয়ারা নদী ও বুড়িকিয়ারি বিলের সংযোগস্থলে। সরকারি খাসজমি দখল করে প্রায় ৫০ শতক ভূমিতে সবজি বাগান বানিয়েছেন পিঠাইঠিকর গ্রামের মো. মহসিন মিয়া। সরকারি ভূমি দখল প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মো. মহসিন মিয়া বলেন, আমি সরকারি কোনো জমি দখল করিনি। দখলকৃত ভূমি মৌরশী সূত্রে আমিই মালিক। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান বলেন, ইতিপূর্বে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শিগগিরই এ সরকারি ভূমি থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।