ভূমি জরিপে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের খাগান মৌজার ভূমিমালিক মো. আরিফুর রহমান। ডিজিটাল ভূমি জরিপ চলাকালে তিনি এলাকায় ছিলেন না। জমির রেকর্ড নিজ নামে হলো কি না, তা নিয়ে তাঁর উদ্বেগের শেষ নেই। এদিক-ওদিক ছোটাছুটি করছেন সর্বশেষ অবস্থা জানার জন্য কিন্তু কোথাও সন্তুষ্টি লাভ করছেন না। মো. আবদুল হালিম জমি কিনেছেন সাভারের শ্যামলাপুর মৌজায়। তিনি ভূমি অফিসের লোকজন পেলেই জানার চেষ্টা করছেন, তাঁর মৌজায় কবে ভূমি জরিপের কাজ শুরু হবে। একটি দৈনিক পত্রিকায় সম্প্র্রতি প্রকাশিত এক খবরে তিনি জেনেছেন, সারা দেশে ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রম শুরু হচ্ছে এবং আগামী ২০১৪ সালের মধ্যেই তা শেষ হবে। দেশব্যাপী ভূমি জরিপের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপালনরত সরকারি শীর্ষ প্রতিষ্ঠান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সূত্র জানায়, জানুয়ারি ২০১০ সাল থেকে এই ডিজিটাল জরিপ শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নরসিংদী জেলার পলাশ উপজেলায় পাইলট আকারে এই জরিপের কাজ চলছে। নরসিংদীর পলাশের ডিজিটাল (পাইলট) জরিপের ২০১০-এর কাজ শেষ হলে সরকারের পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে ভূমি জরিপের পুরোনো পদ্ধতি বদলে দিতে সরকার ডিজিটাল ভূমি প্রশাসনব্যবস্থা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। সহজ কথায় ভূমি জরিপ হলো ভূমির মালিকানা বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের সাহায্যে নকশা প্রস্তুত, মালিকানা-সংক্রান্ত রেকর্ড ও পরিসংখ্যান প্রণয়ন এবং এর সংরক্ষণ করা। মূলত ভূমির স্বত্বলিপি প্রস্তুত করার জন্য এই জরিপ পরিচালিত হয়। এই স্বত্বলিপি বা রেকর্ড অব রাইটস হচ্ছে ভূমির ওপর কার কীরূপ অধিকার, তা নিরূপণ, ভোগ, ক্রয়-বিক্রয়, নিষ্পত্তি বা ভূমি ব্যবহারের অধিকার নির্দেশ করে। আমাদের দেশে প্রণীত সব রেকর্ড অব রাইটসের (আরওআর) পেছনে সংশ্লিষ্ট ভূমি আইন ও বিধির প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এ দেশে সর্বজনগ্রাহ্য রেকর্ড অব রাইটস হচ্ছে, সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ড। কোন স্থানে এই রেকর্ড ডিএস (ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট) নামেও পরিচিত। সিএস রেকর্ড প্রস্তুত করা হয়েছিল ১৮৭৫ সালের বেঙ্গল সার্ভে অ্যাক্ট এবং ১৮৮৫ সালের বেঙ্গল টেনান্সি অ্যাক্টের আওতায়। এসএ রেকর্ড প্রণীত হয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট ১৯৫০-এর ১৭ থেকে ৩১ নম্বর ধারার বিধান অনুসরণ করে। এই জরিপ পরিচালিত হয় ১৯৫৫ থেকে ১৯৬২ সালে। দেশে বর্তমানে প্রচলিত সব ধরনের জরিপ ‘সংশোধনী জরিপ’। ব্যতিক্রম হচ্ছে ‘দিয়ারা জরিপ’, যা ক্যাডাস্ট্রাল জরিপের আওতাভুক্ত। এসব জরিপ পরিচালিত হয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট ১৯৫০-এর ১৪৪ নম্বর ধারার বিধান এবং প্রজাস্বত্ব বিধি-১৯৫৪ ও ৫৫-এর ২৬ থেকে ৪৫ নম্বর বিধির বিধান অনুসরণ করে। উল্লিখিত বিধিবিধান ছাড়াও এসএস ম্যানুয়াল ১৯৩৫, কারিগরি বিধিমালা ১৯৫৭, সংশ্লিষ্ট সেটেলমেন্ট অফিসার কর্তৃক জারিকৃত সাধারণ নির্দেশিকা এবং সরকার কর্তৃক সময়ে-সময়ে জারিকৃত বিভিন্ন সার্কুলার স্বত্বলিপি প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্টের ১৪৪ ও প্রজাস্বত্ব বিধি-১৯৫৫-এর ৩৫ অনুসারে বলা আছে, জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড উপযুক্ত আদালত কর্তৃক ভুল বা অশুদ্ধ ঘোষিত না হওয়া পর্যন্ত সঠিক ও সর্বজনগ্রাহ্য ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বা সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।ভূমির মালিকানার রেকর্ড সংশোধন এবং ভূমির ব্যবহারিক বৈশিষ্ট্যের তথ্যাদি হালনাগাদ করা একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। ডিজিটাল ভূমি জরিপ বা ভূমি জরিপ সম্পর্কে ভূমি রেকর্ড, জরিপ অধিদপ্তর ও তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যক্তিরা ছাড়া ব্যাপক জনসাধারণের মধ্যে এ সম্পর্কিত স্পষ্ট ধারণাবোধ, সচেতনতা তেমন একটা লক্ষ করা যায় না। ফলে নানা ধরনের হয়রানি ও আইনি জটিলতার শিকার হতে হয় সাধারণ মানুষকে, বিশেষত গ্রাম-শহরের নিরীহ, ক্ষমতাহীন ও ক্ষমতাবলয়ের বাইরে, প্রান্তিক অবস্থানে থাকা বিপুল সংখ্যাগরিষ্ঠ নারী ও পুরুষকে। মাঠে জরিপকাজ চলাকালে মালিক মাঠে অনুপস্থিত থাকলে জমি নিজ নামে রেকর্ড না হওয়া, মালিকানা নিয়ে কারও সঙ্গে মামলা থাকলে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে ডিসপুট দেওয়া এবং প্রতিকার গ্রহণ সম্ভব হয় না। মাঠে করা রেকর্ডে কোনো ধরনের ভুল থাকলে তা তসদিক অফিসারকে অবহিত করে সঠিক কাগজপত্র প্রদর্শন করে রেকর্ড সংশোধন করার সুযোগ নষ্ট হয়; ডিপির সময় রেকর্ডে কোনো ভুল থাকলে ৩০ ধারায় আপত্তি কেস দাখিল করা সম্ভব হয় না; পেশাদার দালাল, টাউট, বাটপার ও অসাধু লোকের মাধ্যমে প্রতারিত হওয়ার এবং মালিকানা বা ভূমির অধিকার রক্ষায় দেওয়ানি আদালতে দীর্ঘস্থায়ী মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি, দেবোত্তর, ওয়াকফ, ভিপি খাস সম্পত্তি হিসেবে রেকর্ড হতে পারে। এতসব ঝামেলা, ঝুঁকি ও বাধা-বিপত্তি মোকাবিলায় সাধারণ জনগণকেই এগিয়ে আসতে হবে আগে। ভূমি জরিপ বা ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চলাকালে রেকর্ড-সংক্রান্ত সমস্যা সমাধানে জনগণকে অবশ্যই যা করতে হবে তা হলো—জমির মালিকানা প্রমাণের জন্য সব ধরনের কাগজপত্র (মূল দলিল, দাখিলা, ডিসিআর, উত্তরাধিকার সম্পত্তি হলে বাটোয়ারা দলিল, মামলায় ডিক্রিপ্রাপ্ত হলে মামলার ডিক্রিনামা, অর্পিত সম্পত্তি হলে সংশ্লিষ্ট জেলার ডিসির কাছ থেকে রিলিজ অর্ডারের কপি ও পরচা) সংরক্ষণ করা, জরিপ কর্মচারীরা মাঠে যাওয়ার আগেই জমির সীমানা খুঁটি গেড়ে চিহ্নিত করে রাখা, জমির মাপ নেওয়ার সময় নিজে বা বিশ্বস্ত প্রতিনিধিকে মাঠে উপস্থিত রাখতে হবে। জমির আইল, সীমানা বা দৈর্ঘ্য-প্রস্থ সঠিকভাবে লেখা হলো কি না দেখে নিতে হবে, জমির নকশা আঁকার পর মাঠ পরচা কোন তারিখে দেওয়া হবে, তা জেনে নিতে হবে এবং নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে জরিপ কর্মচারীর কাছ থেকে মাঠ পরচা চেয়ে নিতে হবে। জরিপ কর্মচারীদের দেওয়া নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মাঠ পরচাটি সংরক্ষণ করতে হবে। পরচা ও নকশায় কোনো ত্রুটি থাকলে ডিসপুট দিয়ে মাঠেই সংশোধন করা যায়। এ কাজে কোনো কর্মচারী অসহযোগিতা করলে ক্যাম্প ইনচার্জকে অথবা সেটেলমেন্ট অফিসারকে জানাতে হবে। এ ছাড়া জমির ঠিকমতো রেকর্ড না হলে খসড়া প্রকাশনাকালে ক্যাম্প অফিসে আপত্তি দেওয়া যাবে। আপত্তি রায়ে কেউ সন্তুষ্ট না হলে, রায় ঘোষণার পর ৩০ কর্মদিবসের মধ্যে অথবা আপত্তি শুনানি রায়ের কপি যেদিন সরবরাহ করা হবে, সেদিন থেকে ৩০ কর্মদিবসের মধ্যে আপিল আবেদন দাখিল করতে পারবেন। আপিল সমাপ্তির পরে অপেক্ষা করতে হবে। আপিল রায়ে কেউ সন্তুষ্ট না হলে মৌজা গেজেট হওয়ার এক বছরের মধ্যে ২০০ টাকার কোর্ট ফি দিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এমনকি যথার্থ প্রতিকার না পেলে ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে। নয়তো যেতে হবে দেওয়ানি আদালতে। ভূমিসংশ্লিষ্ট সবাইকে এ কার্যক্রমে সচেতন হতে হবে। তবেই হ্রাস পাবে মামলা-মোকদ্দমা ও নানা হয়রানি। লেখক  উন্নয়নকর্মী।