ভূমি নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক
দেশের ভূমি নিবন্ধনব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। এ জন্য শিগগিরই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি প্রকল্প ধারণাপত্র তৈরি করা হবে।বিশ্বব্যাংকের সফররত জ্যেষ্ঠ ভূমি প্রশাসন বিশেষজ্ঞ এডওয়ার্ড সি কুক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) পরামর্শক চপল চৌধুরী গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠকের সময় এ আগ্রহের কথা জানান।আইনমন্ত্রী তাঁদের জানান, ভূমির নিবন্ধন ও নিবন্ধনকৃত ভূমির দলিল পেতে জনগণকে নানা দুর্ভোগ পোহাতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়। এ দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিতে ভূমির নিবন্ধন ও দলিল সংরক্ষণব্যবস্থা ডিজিটাল-পদ্ধতির আওতায় আনতে সরকার আন্তরিক। এ ক্ষেত্রে তিনি বিশ্বব্যাংকের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।এদিকে দেশে দেশে মানবতাবিরোধী অপরাধের অভিজ্ঞতা ও বিচারের রায়ের দলিলপত্র সরবরাহ করে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ায় সহায়তার আশ্বাস দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস (আসিটিজে)।গতকাল বুধবার শফিক আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ আশ্বাস দিয়েছে।বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে। এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, তদন্তকারী সংস্থার প্রধান আবদুল মতীনের পদত্যাগের পরও সুষ্ঠুভাবে কাজ এগোচ্ছে। বিজ্ঞপ্তি।