ভূমি নিবন্ধনের আধুনিকায়নে সাহায্য দেবে বিশ্বব্যাংক
ভূমি নিবন্ধন-ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বব্যাংক এবং আইন মন্ত্রণালয় যৌথ উদ্যোগে শিগগিরই একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করবে। আজ রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্প প্রস্তাবনার ব্যাপারে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদের আজ প্রাথমিক আলোচনা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ভূমি প্রশাসনবিশেষজ্ঞ অ্যাডওয়ার্ড সি কুক এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের পরামর্শক চপল চৌধুরী আজ আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাত্কালে প্রকল্প প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেন।সাক্ষাত্কালে আইনমন্ত্রী বলেন, ভূমি নিবন্ধন এবং নিবন্ধন করা ভূমির দলিলাদি পেতে জনগণের নানা দুর্ভোগ পোহাতে হয়। এতে জনগণের সময় ও অর্থের অপচয় হয়। এই দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিতে ভূমি নিবন্ধন ও ভূমির দলিল সংরক্ষণ-ব্যবস্থা ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সরকার অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে সরকার ভূমি নিবন্ধনপ্রক্রিয়ায় গুণগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ডিজিটালাইজেশন এ প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মন্ত্রী তাঁর পক্ষ থেকে বিশ্বব্যাংকের গ্রুপকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. আনোয়ারুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক মুন্সি নজরুল ইসলাম, আইএফসি-বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের প্রতিনিধি অনিরুদ্ধ সেনগুপ্ত উপস্থিত ছিলেন।পরে ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমিনিয়ান তৌসি আইনমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে উভয়ে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। মন্ত্রী আইন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে ইরানের রাষ্ট্রদূতকে অবহিত করেন।