ভূমি মালিক, আবাসন ব্যবসায়ী, সরকার কেউ কারও শত্রু নন: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির মালিক, আবাসন ব্যবসায়ী, সরকার—কেউ কারও শত্রু নন। বরং সবাই সবার পরিপূরক। দেশের স্বার্থের কথা চিন্তা করে কাজ করতে হবে। প্রত্যেককে ইমারত নির্মাণ আইন মেনে চলতে হবে বলে উল্লেখ করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।আজ সোমবার প্রতিমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে নির্মিত ভবনগুলোর অবৈধ ও অননুমোদিত অংশ ভেঙে ফেলা হবে। তবে সরকার আগে অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।অবৈধ ও অননুমোদিতভাবে নির্মিত ভবন ভেঙে ফেলার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘একসঙ্গে এতগুলো ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিলে দেশে নৈরাজ্যের সৃষ্টি হবে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করতে পারে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো উন্মাদ আমরা নই।’ড্যাপ বাস্তবায়ন প্রসঙ্গে মান্নান খান বলেন, ‘এ নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এটি একা আমার বিষয় নয়। এটি গোটা দেশের মানুষের স্বার্থে করা হয়েছে। সবাই ড্যাপ বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন।’প্রতিমন্ত্রী বলেন, সরকার শিগগিরই ড্যাপকে গেজেট আকারে প্রকাশ করে ইন্টারনেটে দেবে। ইন্টারনেটের মাধ্যমে মতামত ও সংশোধনী নিয়ে ভবিষ্যতে তা আবারও সংশোধন করা হবে। পরে এটিকে আইনে রূপ দেওয়া হবে।