ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে এশিয়া
মিসৌরি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক স্টেফেন এস গাওয়ের মতে, প্রতিবছর সারা পৃথিবীতে ৫০ হাজারের অধিকবার মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। ভূতাত্ত্বিক সংজ্ঞানুসারে ভূমিকম্পকে ভূ-অভ্যন্তর থেকে প্রবল বেগে হঠাৎ করে শক্তি ত্যাগের ফলে ভূত্বকের সিসমিক কম্পন হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মাত্রা রিখটার স্কেল দিয়ে মাপা হয়। ভূমিকম্পের কারণে ভূত্বক কেঁপে ওঠে এবং মাঝেমধ্যে অবস্থানগত পরিবর্তন হয়। কখনো কখনো ভূমিকম্পের ফলে সাগরে সুনামির সৃষ্টি হয়, উচ্চমাত্রার জলোচ্ছ্বাস হতে পারে।প্রধানত, আগ্নেয়গিরি উদিগরণ এবং ভূত্বকের খণ্ডিত প্লেটগুলোর পরস্পরের বিক্ষিপ্ত ধাক্কা ভূমিকম্পের কারণ। শক্তিশালী এ রকম ধাক্কায় এভারেস্ট ও রকি পর্বতের মতো বিশাল পর্বতমালার সৃষ্টি হয়েছে। পারমাণবিক বিস্ফোরণেও ভূমিকম্প হয়। সমুদ্রের ভূত্বকের আকৃতিগত পরিবর্তন, ডুবন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতসহ সমুদ্রে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষার ফলে সুনামির উৎপত্তি হয়। পৃথিবীর সব অঞ্চল ভূমিকম্পপ্রবণ হলেও কয়েক শ বছরের ভূতাত্ত্বিক তথ্য প্রমাণ করে, অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়া মহাদেশ ভূমিকম্প-ঝুঁকির শীর্ষে। বিশেষ করে এ মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকের ভারত মহাসাগরসহ পুবে প্রশান্ত মহাসাগরীয় উপকূল অধিক ঝুঁকিপূর্ণ। বিবিসি ও উইসকনসিন বিশ্ববিদ্যালয় প্রকাশিত তথ্যানুসারে বৃহৎ এযাবৎকালের ১৩টি ভূমিকম্পের মধ্যে আটটির কেন্দ্র এশিয়ায় এবং চারটির কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় উপকূল আমেরিকা ও এশিয়ার মাঝখানে ছিল। আমেরিকান জিওলজিক্যাল সার্ভের (ইউজিএস) গবেষণাপত্র অনুসারে, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে এ রূপ ভূমিকম্পের ৩১টির মধ্যে ২৩টির উৎপত্তি ছিল এশিয়া অঞ্চলে। উনিশ শতকের ইতিহাসের শক্তিশালী তিনটি ভূমিকম্প হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এগুলো হলো ১৯৬০ সালের ৯ দশমিক ৫ মাত্রার প্রশান্ত মহাসাগরের চিলির ভূমিকম্প, ১৯৬৪ সালের ৯ দশমিক ১ মাত্রার আলাস্কার ভূমিকম্প এবং ২০০৪ সালের সুমাত্রার ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। গত ১১ মার্চ শুক্রবার পূর্ব এশিয়ার দেশ জাপানে স্থানীয় সময় দুপুরে ২ দশমিক ৪৬ মিনিটে প্রলয়ংকরী এক ভূমিকম্প ও সুনামি সংঘটিত হয়। ইউজিএসের তথ্যানুসারে, ৮ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের সেন্দাই, হোনশুর ওশিকা উপদ্বীপ থেকে ১৩২ কিলোমিটার পুবে প্রশান্ত মহাসাগরের তলদেশে। উপকেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে ৩৭৩ কিলোমিটার দূরে। বিস্তৃতির দিক থেকে উনিশ শতকে সেন্দাই ভূমিকম্পের অবস্থান চতুর্থ। জার্মান ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সেন্দাই ভূমিকম্পের কারণে জাপানের হোনশু প্রায় ২ দশমিক ৪ মিটার পুবে উত্তর আমেরিকার দিকে সরে যায় এবং পৃথিবী তার কক্ষপথ থেকে প্রায় ১০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) সরে গেছে। শক্তিশালী এ ভূমিকম্পের কারণে জাপানসহ প্রশান্ত মহাসাগরের নয়টি দেশে সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্প শুরুর প্রায় ১০ মিনিটের মধ্যে জাপানের উত্তর-দক্ষিণ দিকের মিয়াগিতে ৩৩ ফুট উচ্চতার সুনামি আঘাত আনে। রাসমুসান স্কেল অনুসারে এই সুনামি আর৩-আর৪ মাত্রার। শক্তিশালী ভূমিকম্পের কারণে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ফলে ঝুঁকিপূর্ণ মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ায়। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (টেপকো) তথ্যানুসারে, অল্প সময়ের ব্যবধানে তেজস্ক্রিয়তা ১৯৪১ মাইক্রোসিভার্টস থেকে বৃদ্ধি পেয়ে আট হাজার ২১৭ মাইক্রোসিভার্টসে পৌঁছেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, বিস্ফোরণের পর ঘণ্টায় ৪০০ মিলিসিভার্টসের চেয়ে বেশি তেজস্ক্রিয়া নির্গমন হয়েছে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মতে, ১০০ মিলিসিভার্টসের চেয়ে বেশি মাত্রার তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যানসার হতে পারে।২০০৫ সালের ২৮ মার্চ ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার সুমাত্রার দক্ষিণাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। সুমাত্রা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারত মহাসাগরের নিচে ভূত্বকের ৩০ কিলোমিটার ভেতরে। এর বিস্তৃতি ছিল উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটারের বেশি। এই ভূমিকম্পের ফলে প্রায় ৬ দশমিক ৬ ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়। একই অঞ্চলে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ৯ দশমিক ১ থেকে ৯ দশমিক ৩ মাত্রা পর্যন্ত আরেকটি ভূমিকম্প হয়। এর ফলে ভারত মহাসাগরীয় উপকূলে ৩০ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। ভারত মহাসাগরের এই সুনামির কারণে পৃথিবী তার কক্ষপথ থেকে প্রায় এক ইঞ্চি সরে যায়। এ ছাড়া সাম্প্রতিক কালে নিউজিল্যান্ড, ইরান, হাইতির মতো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যমতে, উনিশ শতকের শক্তিশালী সাতটি সুনামির আঘাতস্থল এশিয়া অঞ্চলে ছিল। ২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামির আকার ছিল সর্বোচ্চ ৫০ ফুট এবং ১৯৯৮ সালের পাপুয়া নিউগিনির সুনামির উচ্চতা ছিল প্রায় ৪১ ফুট। ১৯৭৬ সালে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে প্রায় ২৫ মিটার উচ্চতার সুনামি আঘাত আনে।২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও ভারতের মণিপুর রাজ্যে সর্বশেষ বড় আকারের ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। ২০০৯ সালের ১২ আগস্ট সর্বশেষ সুনামির সতর্কতা জারি করা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সক্রিয় বদ্বীপ হিসেবে বাংলাদেশ সব সময় ভূমিকম্প ও সুনামির ঝুঁকিতে অবস্থান করে। ১৯১৮ সালে শ্রীমঙ্গলের ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্র সিলেটের কাছেই বলিশিরা উপত্যকা। এ ছাড়া ১৮৮৫ সালের সিরাজগঞ্জ-বগুড়া ও জামালপুর-শেরপুর-ময়মনসিংহ এলাকায় সাত মাত্রার বেশি ভূমিকম্প অনূভূত হয়। ১৭৬২ সালের চট্টগ্রাম-আরাকান অঞ্চলের ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে ধারণা করা হয়। বাংলাদেশের অবস্থান ভূত্বকের ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের খুব কাছে। ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের ধাক্কার ফলেই হিমালয় পর্বতশ্রেণীর সৃষ্টি। এই প্লেটগুলোর পারস্পরিক ধাক্কার ফলে সৃষ্ট ১৯৩৪ সালের বিহার-নেপালের ভূমিকম্প বাংলাদেশ থেকেও অনূভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ২০০৭ সালের মে থেকে ২০০৮ সালের জুলাই পর্যন্ত পাঁচ মাত্রার বেশি শক্তিশালী নয়টি ভূমিকম্প লিপিবদ্ধ করে, যাদের উপকেন্দ্র ঢাকা থেকে ৬০০ কিলোমিটারের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিসমিক ম্যাপ অনুসারে, বাংলাদেশের ৪৩ শতাংশ এলাকা অধিক ঝুঁকিপ্রবণ এবং ৪১ শতাংশ মাঝারি মাত্রার ঝুঁকিপ্রবণ। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক ঘটনা, যার পূর্ব অনুমান করা প্রায় অসম্ভব। পর্যাপ্ত পূর্বপ্রস্তুতিই কেবল ভূমিকম্প ও সুনামির ক্ষতি কমাতে পারে অযথা আতঙ্কিত হয়ে নয়। সূত্র: উইকিপিডিয়া, ন্যাশনাল জিওগ্রাফি ও আমেরিকান জিওলজিকাল সার্ভে