ভূমিকম্প জয়ের দীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন-১-এর খোলা চত্বরে একদল শিক্ষার্থীর ভিড়। ৪০ সদস্যের এই দলের সবার চোখে নিরাপত্তা-চশমা, হাতে গ্লাভস আর গায়ে একরঙা টি-শার্ট। সবাই দাঁড়িয়ে আছেন। তাঁদের ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা-ফিতা দিয়ে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষক আনোয়ার হোসেন তাঁদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। এর পরই প্রশিক্ষকের নির্দেশনায় শুরু হলো কমিউনিটি স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাইকো ক্লাবের সদস্যদের প্রশিক্ষণের চিত্র এটি।খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের চারটি দল প্রশিক্ষণ নিয়েছে। ১৬ অক্টোবর শুরু হয় সাইকো ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা। এতে ভূমিকম্প ব্যবস্থাপনা, অপারেশন পরিচালনা, নিরাপত্তা, উদ্ধারের যন্ত্রপাতি চালানোর কৌশল, অগ্নি নির্বাপণ, প্রাথমিক চিকিৎসা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তিন দিনব্যাপী প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের সাহসিকতা, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও নৈতিকতার বিষয়ে উদ্বুদ্ধ করেন প্রশিক্ষকেরা।প্রশিক্ষণের পর্বটা কিন্তু একঘেয়ে হয়ে ওঠেনি মোটেই, বরং এর ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন নানা মজার কাণ্ডকারখানায়। এসবের মধ্য দিয়ে কিন্তু ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে জয় করার মন্ত্র শিখে নিয়েছেন তাঁরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে দুটি প্রতীকী ঘর বসানো হয়েছিল। ঘরগুলোর চারদিকের দেয়াল আলাদা আলাদা নির্মাণ-উপকরণে তৈরি। একদিকে ইটের দেয়াল, একদিকে কংক্রিটের ঢালাই আবার একদিকে টিনের দেয়াল। এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা চার রকম দেয়াল কেটে উদ্ধার অভিযানের মহড়া দিয়েছেন। এ ছাড়া আগুন নেভানোর জন্য নানা যন্ত্রের ব্যবহার শিখেছেন সবাই।এদিকে প্রশিক্ষণের শেষ দিনে শেখানো হয় প্রাথমিক চিকিৎসার কলাকৌশল। একজন শিক্ষার্থীকে রোগী বানিয়ে শুইয়ে রাখা হয়। তাঁকে নানা কায়দায় চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করার কৌশল শিখছেন অন্যরা। আবার হাড়ভাঙা, শ্বাসপ্রশ্বাসের গতি ফিরিয়ে আনা, আগুনে পোড়ার পর ত্বরিত ব্যবস্থা নেওয়া প্রভৃতি শেখানো হয়েছে প্রশিক্ষণে।শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বাসিত এমন কর্মশালায় অংশ নিতে পেরে। প্রশিক্ষণের বিরতিতে বড় স্পিকারে চলেছে জনপ্রিয় গান। এতে প্রশিক্ষক আর প্রশিক্ষণার্থীদের মধ্যে ফারাক কমে আসে। বন্ধুর মতো হাতে ধরে সবকিছু শেখানোর ফলে বিষয়টি উপভোগ করেছেন বলে জানান একাধিক প্রশিক্ষণার্থী। এই কর্মশালা সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের যেকোনো দুর্যোগে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণ নিয়ে বসে থাকব না। যেকোনো দুর্যোগে এই শিক্ষা কাজে লাগাব।’ আরেক প্রশিক্ষণার্থী হুমায়ুন কবিরের ভাষ্য, ‘আমার আত্মবিশ্বাস বেড়েছে অনেক। দুর্যোগকে আর ভয় নয়। দুর্যোগ জয়ের নেশায় পেয়েছে আমাদের।’ তাঁর কথার সঙ্গে একমত সব প্রশিক্ষণার্থী।এই প্রশিক্ষণ কোর্সের উদ্যোক্তা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তাদের আয়োজনে সারা দেশেই চলছে এমন প্রশিক্ষণ কোর্স। কোর্স পরিচালনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) মেজর এম এম মতিউর রহমান জানান, যেকোনো দুর্যোগে স্থানীয় পর্যায়ে সহায়তার জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়তে হাতে নেওয়া হয়েছে এই প্রকল্প। ইতিমধ্যে সাত হাজার প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নিয়েছেন। আরও ৩০ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের অর্থ সরকার মঞ্জুর করেছে। সেই অর্থ তাঁদের হাতে রয়েছে। শিগগিরই তাঁদের স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হবে। এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীর নাম-ঠিকানা সংরক্ষিত হচ্ছে একটি ওয়েবসাইটে। সেখান থেকে যেকোনো সময় প্রত্যেক স্বেচ্ছাসেবকের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সব স্বেচ্ছাসেবককে হালকা ধরনের কিছু উদ্ধারযন্ত্রপাতি দেওয়ার পরিকল্পনা আছে। ফলে স্থানীয় এলাকার দুর্যোগে এসব স্বেচ্ছাসেবক সবার আগে উদ্ধার অভিযানে এগিয়ে আসতে পারবেন। এতে ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষ সহায়তা পাবে। দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমানো যাবে বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রশিক্ষণ নিতে হলেকমিউনিটি স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে হলে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করতে হবে। কোনো প্রতিষ্ঠান দলগতভাবে প্রশিক্ষণে আগ্রহী হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালকের (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁর টেলিফোন নম্বর: ৯৫৫৬৭৫৬।