ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায়। তবে অদূর ভবিষ্যতে এখানে বড় মাপের (রিখটার স্কেলে সাড়ে সাত মাত্রা বা তার ওপরে) ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা কম। কারণ, অতীতে যেসব ভূ-চ্যুতি বাংলাদেশ ও এর সন্নিহিত অঞ্চলে বড় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, সেগুলোর কোনোটি থেকেই আগামী ১০০ বছরেও বিধ্বংসী কোনো ভূমিকম্পের উৎপত্তি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম।অধ্যাপক মাকসুদ কামাল গবেষণার এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে বরং মানুষকে সতর্ক হতে হবে।‘টাইম প্রেডিক্টেবল ফল্ট মডেলিং ফর সাইসমিক হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ শীর্ষক সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, বিধ্বংসী না হলেও রিখটার স্কেলে ছয় থেকে সাত মাত্রা পর্যন্ত ভূমিকম্প হওয়ার মতো ভূ-চ্যুতি দেশের মধ্যে রয়েছে। এই মাত্রার ভূমিকম্পে এখানে মারাত্মক ক্ষয়ক্ষতিও হতে পারে। তবে মানসম্পন্ন বাড়িঘর ও অবকাঠামো নির্মাণ এবং ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পারে।দেশের ভেতরের ও সন্নিহিত অঞ্চলের টেকটোনিক প্লেট বাউন্ডারির চ্যুতি থেকে সৃষ্ট ভূমিকম্পের আশঙ্কা নিয়ে এ ধরনের গবেষণা বাংলাদেশে এই প্রথম। সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) অধীনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বিদেশি সহায়তা সংস্থা ডিএফআইডির আর্থিক সহায়তায় গবেষণাটি করেছেন জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের একদল বিশেষজ্ঞ গবেষক।অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল গবেষণাটির শুরু থেকে শেষ পর্যন্ত সব পর্যায়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন। এই দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সফিউল্লাহ, অধ্যাপক মেহেদী আহম্মেদ আনসারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আফতাব আলম খান ও একই বিভাগের অধ্যাপক মনিরুল হক। গবেষণাটি তত্ত্বাবধান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও সিডিএমপির জাতীয় বিশেষজ্ঞ এ এস এম মাকসুদ কামাল।ভয়ংকর চ্যুতিগুলো: ভূমিকম্পের জন্য সবচেয়ে ভয়ংকর চ্যুতি হচ্ছে একাধিক টেকটোনিক প্লেটের সীমান্তবর্তী ফাটল (প্লেট বাউন্ডারি ফল্ট বা পিবিএফ)। সদা সঞ্চরণশীল যে টেকটোনিক প্লেটগুলোর ওপর পৃথিবীর অবস্থান, সেগুলোর সীমান্তের ফাটলই হচ্ছে এই পিবিএফ। বাংলাদেশের অবস্থান ভারতীয় টেকটোনিক প্লেটে। এই প্লেটের পাশে রয়েছে বার্মিজ সাব-প্লেট ও ইউরেশীয় প্লেট। বাংলাদেশের পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরে ওই দুটি প্লেটের সীমান্ত। তবে এই সব কটি সীমান্ত ফাটলই বাংলাদেশ ভূখণ্ডের বাইরে।বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) পরিচালক ও ভূমিকম্প সেলের প্রধান ড. খোরশেদ আলম, পরিচালক এ টি এম আসাদুজ্জামান ও রেশাদ মোহাম্মদ একরাম আলী বলেন, প্লেট বাউন্ডারিগুলো দেশের ভেতরে না থাকায় ওই উৎস থেকে বড় ভূমিকম্পের আশঙ্কা কম। তবে প্লেট সীমান্তে বড় কোনো ভূমিকম্পের সৃষ্টি হলে তার প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলেই পড়বে।গবেষকেরা বাংলাদেশ-সংলগ্ন প্লেট সীমান্তের চ্যুতিকে তিনটি ভাগে ভাগ করেছেন—পিবিএফ-১, পিবিএফ-২ ও পিবিএফ-৩। এই চ্যুতিগুলোতে বড় ভূমিকম্প হলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি। প্লেট সীমান্ত ছাড়া দেশের ভেতরে অন্তত দুটি বড় সক্রিয় চ্যুতি রয়েছে। একটি ডাউকি-চ্যুতি, অপরটি মধুপুর-চ্যুতি। এর মধ্যে মধুপুর-চ্যুতিটি ঢাকার জন্য বিপজ্জনক। অতীতে প্লেট সীমান্ত ও এই দুটি চ্যুতি থেকে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও হবে।কবে হতে পারে: ‘টাইম প্রেডিক্টেবল ফল্ট মডেলিং ফর সাইসমিক হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ গবেষণার প্রধান বিষয় ছিল, ‘কবে হতে পারে’ তা নির্ধারণ করা। এ জন্য উপরিউক্ত পাঁচটি চ্যুতির প্রতিটির আলাদা আলাদা ও বিশেষ বৈশিষ্ট্য সংগ্রহ করে তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে কয়েকটি জায়গায় পরিখা খনন করে এবং চ্যুতি থেকে সংগৃহীত কাঠ প্রভৃতি বস্তুকণার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এসব চ্যুতি থেকে সৃষ্ট একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মধ্যকার সময়ের ব্যবধান (রেকারেন্স পিরিয়ড) নির্ধারণ করা হয়েছে বলে জানান মাকসুদ কামাল।তাঁদের গবেষণা অনুযায়ী, প্লেট সীমান্ত চ্যুতির তিনটি অংশেরই রেকারেন্স পিরিয়ড ৯০০ বছর। অর্থাৎ এসব চ্যুতি যে রকম বিধ্বংসী ভূমিকম্পের (রিখটার স্কেলে সাড়ে সাত বা তার বেশি মাত্রার) উৎপত্তিস্থল অতীতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এর মধ্যে সময়ের ব্যবধান হবে ৯০০ বছর।গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী পিবিএফ-১ থেকে সর্বশেষ বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ২৪৬ বছর আগে। পিবিএফ-২ ও পিবিএফ-৩ থেকে হয়েছিল ৫০৮ বছর আগে। কাজেই রেকারেন্স পিরিয়ড (৯০০ বছর) শেষ হয়ে এসব চ্যুতির বৈশিষ্ট্য অনুযায়ী বিধ্বংসী ভূমিকম্প (ক্যারেক্টারস্টিক আর্থকোয়েক) সৃষ্টি হতে এখনো অনেক সময় বাকি।ডাউকি-চ্যুতিতে সর্বশেষ বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ১৮৯৭ সালে, এখন থেকে প্রায় ১১৩ বছর আগে। গবেষণার মাধ্যমে নির্ধারিত এই চ্যুতির রেকারেন্স পিরিয়ড প্রায় ৩৪৯ বছর। মধুপুর-চ্যুতিতে সর্বশেষ বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ১৮৮৫ সালে, এখন থেকে প্রায় ১২৫ বছর আগে। এই চ্যুতির রেকারেন্স পিরিয়ড ৩৫০ বছর। কাজেই গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, এই দুটি চ্যুতিতে আগামী ২২৫ থেকে ২৪০ বছরের মধ্যে অতীতের মতো বিধ্বংসী ভূমিকম্প (ক্যারেক্টারস্টিক আর্থকোয়েক) সংঘটিত হওয়ার আশঙ্কা নেই।তবু চিন্তার কারণ আছে: তবে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রেকারেন্স পিরিয়ডের মধ্যবর্তী প্রতি ২০ বছর পরপর এসব চ্যুতি থেকে ছয় মাত্রার কাছাকাছি পর্যন্ত ভূমিকম্প সৃষ্টি হতে পারে। গবেষণার ভাষায় এগুলোকে বলা হয়েছে ওই সব চ্যুতির ‘নন-ক্যারেক্টারস্টিক’ ভূমিকম্প।ডাউকি-চ্যুতিতে এ ধরনের ছয় মাত্রার ভূমিকম্প হলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের জন্য এবং মধুপুর-চ্যুতিতে হলে টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকার জন্য ধ্বংসাত্মক হতে পারে। তবে জাতীয় গৃহনির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ করে ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ধ্বংসের মাত্রা সীমিত রাখা সম্ভব বলে গবেষকেরা মত প্রকাশ করেছেন।এ প্রসঙ্গে জিএসবির মহপরিচালক মুনিরা আখতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ভূমিকম্প কখনো মানুষ মারে না। মানুষ মারা যায় তার কৃতকর্মের জন্য। একেকটি অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা সম্পর্কে জেনেশুনে সে অনুযায়ী ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করলে এবং ভূমিকম্পের সময় ও পরের করণীয় সম্পর্কে সচেতন হলে মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি অবশ্যই সীমিত রাখা সম্ভব।অন্যান্য চ্যুতি: উপরিউক্ত পাঁচটি ভয়ংকর চ্যুতি ছাড়াও বাংলাদেশের ভেতরে আরও কয়েকটি বড় ভূ-চ্যুতি আছে বলে অনেকে মনে করেন। এর একটি (মানিকগঞ্জ, মতান্তরে বগুড়া-চ্যুতি) থেকে ১৮৮৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হয়। ১৯১৮ সালে আরও বড় ভূমিকম্পের উৎস ছিল শ্রীমঙ্গল। এ ছাড়া গঙ্গাচ্যুতি (রাজশাহী) এবং সীতাকুণ্ড-চ্যুতিরও অস্তিত্ব রয়েছে বলে অনেক ভূতত্ত্ববিদ মনে করেন। এ প্রসঙ্গে মাকসুদ কামাল বলেন, মানিকগঞ্জ বা বগুড়া-চ্যুতি হিসেবে যেটিকে বলা হয়, গবেষণায় দেখা গেছে যে সেটি আসলে মধুপুর-চ্যুতিরই অংশ। একইভাবে শ্রীমঙ্গল-চ্যুতি পিবিএফ-২-এর এবং সীতাকুণ্ড-চ্যুতি পিবিএফ-১-এর অংশ। আর গঙ্গাচ্যুতিটি বাংলাদেশের ভূ-সীমানায় সক্রিয় নয়।পদ্মা, মেঘনা ও যমুনা নদীর মিলনস্থল চাঁদপুর অঞ্চলে নির্দিষ্ট কোনো ভূ-চ্যুতির অবস্থান নির্ণিত না হলেও অঞ্চলটির ভূপ্রকৃতি নাজুক বলে জানিয়েছেন কয়েকজন ভূতত্ত্ববিদ। জিএসবির গবেষক-কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই চার বা তার কিছু বেশি মাত্রার যে ভূমিকম্পগুলো হয়ে থাকে সেগুলোর উৎস কিছু সাধারণ চ্যুতি (বেজমেন্ট কন্ট্রোল ফল্ট)। এসব চ্যুতি থেকে বড় ধরনের বা বিধ্বংসী কোনো ভূমিকম্প হওয়ার আশঙ্কা নেই। এমনকি বারবার হওয়া এসব ভূমিকম্প বিধ্বংসী কোনো ভূমিকম্পের পূর্বাভাসও নয়। কারণ বড় চ্যুতি ছাড়া বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টি হওয়ার কোনো নজির নেই। এই প্রেক্ষাপট বর্ণনা করে অধ্যাপক মাকসুদ কামাল ও জিএসবির বিজ্ঞানীরা প্রথম আলোকে বলেন, বড় ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর মৃদু যেসব ভূমিকম্প হচ্ছে এবং মাঝারি যেসব ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হতে হবে তিন ধরনের। এক. মানসম্পন্ন ভবন নির্মাণ। দুই. ভূমিকম্প হলে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং তিন. এই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার সামর্থ্য অর্জন।