ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে হিলারি ক্লিনটন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হচ্ছেন পশ্চিমা বিশ্বের প্রথম জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি এখন ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি সফর করছেন। তিনি বলেন, হাইতির পাশে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। হিলারির সফরসঙ্গীদের মধ্যে আছেন আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মার্কিন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক রাজীব শাহ।হাইতিতে পৌঁছানোর পর বিমানবন্দরে দেশটির প্রেসিডেন্ট রেনে প্রিভাল এবং প্রধানমন্ত্রী জ্যাঁ-ম্যাক্স বিলেরাইভের সঙ্গে হিলারি ত্রাণ নিয়ে আলোচনা করার পর এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হাইতির বন্ধু, সঙ্গী ও সমর্থক। হাইতিয়ানদের উদ্দেশে হিলারি বলেন, ‘আমরা এখানে আপনাদের সরকারের ডাকে সাড়া দিতে এসেছি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, হাইতিয়ানেরা ভবিষ্যতে আরও ভালো এবং সুদৃঢ়ভাবে নিজেদের অবস্থানে ফিরে যাবেন। কেননা, আপনাদের সেই মনোবল আছে।’ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী ত্রাণকাজে উত্তর হাইতির ক্যাপ হাইতিয়ানের একটি কনটেইনার বন্দর ব্যবহার করতে শুরু করেছে।দ্য প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশনের তথ্যমতে, ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার থেকে এক লাখে দাঁড়িয়েছে। তবে হাইতির প্রধানমন্ত্রী জানান, এতে কমপক্ষে এক লাখ লোক প্রাণ হারিয়েছে। এরই মধ্যে ২৫ হাজারেরও বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে। তবে, বেঁচে থাকা দুর্গত লোকজন ত্রাণের জন্য ব্যাকুল হয়ে উঠেছে।পোর্ট অ প্রিন্সের একটি প্রধান বাণিজ্যিক সড়কে প্রায় এক হাজার লোক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দখল নিয়ে এক মারমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, একদল লোককে ছুরি, বরফ ভাঙার কুড়াল ও হাতুড়ি নিয়ে বিধ্বস্ত বাড়িঘর ও দোকানপাট থেকে পোশাক, খেলনা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যেতে দেখা গেছে।এদিকে হাইতিতে এই ভূমিকম্পে দেশটির জাতিসংঘ মিশনের প্রধান তিউনেশিয়ার গেদি আনাবি নিহত হয়েছেন বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। এর আগে চীনের উদ্ধারকর্মীরা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি ভবন থেকে গতকাল শনিবার গেদি আনাবির মৃতদেহ উদ্ধার করা হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে আনাবির ডেপুটি ব্রাজিলের লুই কার্লোস দ্য কস্টা এবং হাইতিতে জাতিসংঘ মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার কানাডার ডগ কোটসের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন।বান কি মুন বলেন, ‘আমি নিশ্চিত, তাঁদের খুব ইচ্ছা ছিল আমরা যেন তাঁদের মহান কাজকে সামনে এগিয়ে নিতে পারি।’এরই মধ্যে গতকাল সকালে রাজধানীর কাছে চার দশমিক পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প দেশটির ওপর আঘাত হানে।