ভূমিকম্প মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যেকোনো সময় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সাঈদ হুমায়ূন আখতার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এখন যেসব ছোট ভূমিকম্প হচ্ছে, সেগুলোই বড় ভূমিকম্পের আভাস দেয়। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে তাই এখন থেকেই সরকারের প্রস্তুতি নেওয়া দরকার বলে জানান তিনি। সাঈদ হুমায়ূন বলেছেন, বাংলাদেশে আজ অথবা কাল বা যেকোনো সময় যেকোনো দিন বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। সরকারের উচিত শহরের বাসিন্দাদের মধ্যে ভূমিকম্পে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পবিত্র ঈদুল ফিতরের আগের রাতের ভূমিকম্পে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেন সাঈদ হুমায়ূন। এ ব্যাপারে সচেতনতা থাকলে এ ধরনের আতঙ্ক অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন। তবে সচেতনতা সৃষ্টির দায়িত্ব পুরোটাই সরকারের ওপর চাপিয়ে না দিয়ে অধ্যাপক হুমায়ূন নিজেও ভূমিকম্প থেকে বাঁচার কয়েকটি উপায়ের কথা বলেন। তিনি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় সরঞ্জামের একটি বাক্স রাখার পরামর্শ দেন। ওই বাক্সে তিনি খাওয়ার পানি, শুকনো খাবার, প্রাথমিক চিকিত্সার জন্য ওষুধ, ব্যাটারিচালিত রেডিও, দড়ি, ফ্লাশলাইট, কোদাল, কুড়াল প্রভৃতি রাখার পরামর্শ দেন। এ ছাড়া ভূমিকম্পের সময় বাড়ির বিদ্যুতের মেইন সুইচ ও গ্যাসের সরবারহ লাইন বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। ভূমিকম্প থেকে বাঁচতে ঘরের দেয়াল থেকে দূরে খাট বা টেবিলের নিচে থাকাটাই নিরাপদ বলে মন্তব্য করেন হুমায়ূন। তিনি আরও বলেন, বারান্দা, জানালা ও আয়না থেকে এ সময় নিজেকে দূরে রাখাটাই নিরাপদ। সচেতনতা থাকলে এবং সরকার যথেষ্ট সক্রিয় হলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেক কম হয় বলে মন্তব্য করেন অধ্যাপক হুমায়ূন। তিনি বলেছেন, সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার ফলে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরও নিউজিল্যান্ডে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছিল। ৩ সেপ্টেম্বর এই ভূমিকম্প আঘাত হানে। আর হাইতিতে সাত মাত্রার ভূমিকম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশও হাইতির মতোই। তাই বড় ধরনের ভূমিকম্পের আঘাতে এ দেশেও হাইতির মতোই ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে। এ কারণে সরকারকে এ ব্যাপারে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ইউএনবি।