ভূমিকম্পে আশ্রয়হীনদের তাঁবুতে ফের ভূকম্পন! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগে শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছিল সরকার নির্মিত তাঁবুতে। এবার নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল সেই তাঁবুগুলোই। ঘটনাস্থল সেই ইতালির উত্তরাঞ্চলের এমিলিয়া-রোমাগনা অঞ্চল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএস জিওলজিক্যাল সার্ভের হিসাব অনুযায়ী আজ মঙ্গলবারের ভূমিকম্পটি ছিল ৬ মাত্রার।রয়টার্সের খবরে বলা হয়, ইতালির উত্তরাঞ্চলের এ ভূমিকম্পে নিহত হয় কমপক্ষে ১০ জন। বিধ্বস্ত হয় উল্লেখযোগ্যসংখ্যক ঘরবাড়ি। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ-মাধ্যমেও এ ভূমিকম্পের খবরটি ছড়ায়।ইতালির কর্মকর্তা ও রেডক্রসের ইতালি শাখার এক কর্মকর্তা জানান, এমিলিয়া-রোমাগনায় ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ি-ঘরের ধ্বংসাবশেষ ও গুদামঘরে আটকা পড়ে বহু লোক। তা ছাড়া এ ভূমিকম্পে আতঙ্কিত হয় গত সপ্তাহের ভূমিকম্পের সময় তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার গৃহহীন লোক।এদিকে ভূমিকম্পের পর জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মনতি। এক বিবৃতিতে মনতি জানান, ইতালির বিশেষভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে স্বাভাবিকতা ফেরাতে রাষ্ট্রীয়ভাবে দ্রুততম সময়ে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে। তবে শক্তিশালী এ ভূমিকম্পের পর বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার-তত্পরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। কাভেজ্জোর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভূমিকম্পে পুরো শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো জানি না, কতসংখ্যক লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে।’জানা গেছে, আজ মঙ্গলবার ইতালির মোদেনা অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পনের পর তা ক্রমেই ও উত্তরাঞ্চল ও কেন্দ্রীয় ইতালিতে ছড়িয়ে পড়ে।