সুনামি আর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও জাপান পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছর পরেও জাপানের সাহায্য পেলে পদ্মা সেতুর নির্মাণকাজ থেমে থাকবে না। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ এবং মে-জুন মাসে পদ্মা সেতুতে এপ্রোস সড়ক (ঢোকার রাস্তা) তৈরির কাজ শুরু হবে। এ লক্ষ্যে জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পদ্মা সেতুর প্রকল্পের পুনর্বাসন এলাকার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। গওহর রিজভী আজ শুক্রবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা সেতুর প্রকল্প পুনর্বাসন এলাকা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরিফুল ইসলাম, এনডিসি সৈয়দ ফারুক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। গওহর রিজভী আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে ২১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ প্রকল্পে জাপান ৪০ কোটি ডলার সাহায্য দেবে । সুনামি আর ভূমিকম্পের কারণে পদ্মা সেতু নির্মাণে তাদের প্রতিশ্রুত সাহায্য প্রদানে কোনো বাধার সৃষ্টি হবে না। তাদের সাহায্য দিতে এক বছর বিলম্ব হলেও পদ্মা সেতু নির্মাণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।