ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল চীন
চীনে এক সপ্তাহ আগে ঘটা ভূমিকম্পে নিহত মানুষের প্রতি আজ বুধবার শ্রদ্ধা জানালেন দেশটির জনসাধারণ। আজ স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ, সৈনিক ও কর্মকর্তারা চিংহাই প্রদেশের রাজধানী সিনিংয়ে জড়ো হয়ে তিন মিনিট ধরে মাথা নুইয়ে রেখে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় হর্ন ও সাইরেন বাজিয়ে নিহত মানুষের জন্য শোক প্রকাশ করা হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সেখানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির নয়জন সদস্যকেও মাথা নত করে শ্রদ্ধা জানাতে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।আজ এ উপলক্ষে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি আজকের জন্য সব ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড ও অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে।বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত তিয়েনআনমেন স্কয়ারেও শত শত নাগরিক দাঁড়িয়ে মাথা নত করে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানান।নামি নামে তিব্বতের একজন ভিক্ষু, যিনি ত্রাণকাজে যুক্ত ছিলেন, তিনি জানান, জেগু শহরের একটি পাহাড়ের ওপর শহরের বাসিন্দা ও বৌদ্ধ ভিক্ষুরা জড়ো হয়ে ভূমিকম্পে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানান। এখানে শত শত মৃতদেহ দাহ করা হয়।নামি আরও বলেন, ‘আমরা তাদের স্মরণ করেছি। কিন্তু এখনো যারা দুর্ঘটনাকবলিত তাদের সাহায্যে এবং জেগুর পুনর্গঠনে এখন আমাদের এগিয়ে আসতে হবে।’চীনের পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬০৪-এ। নিখোঁজ রয়েছে ১৭৫ জন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে প্রদেশটির ইউশু কাউন্টিতে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।